নয়া দিল্লি, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের বন সংশ্লিষ্ট বিভাগের ছাড়পত্র চেয়ে দেশটির পরিবেশ ও বন মন্ত্রণালয়ে (এমওইই) প্রস্তাব পাঠিয়েছে মনিপুর সরকার।
ভারতের কেন্দ্রীয় সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী কে সি ভেনুগোপাল স¤প্রতি পার্লামেন্টে বলেন, গত ৩১ মে মনিপুরের বন বিভাগ এ প্রকল্পের জন্য অনুমোদন চেয়ে এমওইই'র কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে।
ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিুকক্ষ লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান ভেনুগোপাল। মনিপুর সরকারের ওই প্রস্তাব মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানান তিনি।
মনিপুর, মিজোরাম ও আসাম সীমান্ত সংলগ্ন তুইভাই ও বরাক নদীর টিপাইমুখে বিতর্কিত দেড় হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হওয়ার কথা। ২০০৪ সালের ২৪ নভেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে আশস্ত করে বলেছিলেন, "টিপাইমুখ প্রকল্পে ভারত এমন কোনো পদক্ষেপ নেবে না যা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।"
বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল ২০০৯ সালের জুলাই মাসে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাধ প্রকল্প পরিদর্শন করেছে।
ওই বাধ নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/১৭৪১ ঘ.
bdnews24