চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পুলিশ কনস্টেবলসহ তিন জন।
রোববার সকাল সোয়া ৯টার দিকে বাঁশখালী থেকে শহরমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও একটি রিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালকের নাম জানে আলম।
আহতদের মধ্যে পুলিশ কনস্টেবলের নাম হেলাল বলে জানা গেলেও অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি মোস্তফা মনজুর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁশখালী থেকে আসা যাত্রীবাহী বাসটি সেতু পার হয়ে শাহ আমানত সেতুর মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত যানবাহন রাস্তা থেকে সরানো হয়েছে বলে জানান ওসি।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১১৪১ ঘ.
bdnews24