দিনাজপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ী করার দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ডাকা অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়েছে। তবে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।
রোববার বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, ঈদের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়েছে। তবে শ্রমিকদের কর্মবিরতি চলবে। এরপর নতুন করে কর্মসূচী ঘোষণা দেওয়া হবে।
এদিকে রোববারও খনিতে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।
গত মঙ্গলবার ভোর ৬টা থেকে কাজ বন্ধ করে দেয় ওই খনির ১ হাজারের বেশি শ্রমিক। তারা স্থায়ী নিয়োগসহ অন্যান্য দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড-বিসিএমসিএল'র মহাব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এরপর নতুন করে তারা আরো দাবি জানিয়ে শনিবার একটি স্মারকলিপি জমা দিয়েছে।
শ্রমিকদের অভিযোগ, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জুজু মেশিনারজি কোম্পানি (এক্সএমসি) বিভিন্ন সময় চাকরি স্থায়ী করার প্রতিশ্র"তি দিলেও তা রক্ষা করেনি। গত বছরের ১০ অক্টোবর বড়পুকুরিয়া কয়লা খনির সঙ্গে এক্সএমসির চুক্তির মেয়াদ শেষ হয়। পেট্রোবাংলা ১১ অক্টোবর ওই কোম্পানির সঙ্গে পুনরায় ছয় বছরের জন্য চুক্তি করে। কিন্তু চুক্তিতে শ্রমিকদের দাবিগুলো উপেক্ষিত হয় বলে শ্রমিকরা জানান।
সভাপতি রবিউল জানান, এক্সএমসি'র অধীনে ১ হাজার ৮৬ জন শ্রমিক সরাসরি কয়লা তোলার সঙ্গে জড়িত। এছাড়া বিসিএমসিএল'র অধীনে রয়েছে আরো ২২৬ জন শ্রমিক। বিসিএমসিএল-এর শ্রমিকরা পে-স্কেলভিত্তিক বেতন-ভাতা পেলেও এক্সএমসি'র শ্রমিকরা সে সুবিধা থেকে বঞ্চিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০২৭ ঘ.
bdnews24