২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দায় অপহরণ চেষ্টা: মামলা দায়ের

নওগাঁর মান্দায় ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা ও পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনায় দু'টি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

নওগাঁ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দায় ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা ও পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনায় দু'টি মামলা হয়েছে। শনিবার মান্দা থানায় অপহরণ মামলা দায়ের করেন ব্যবসায়ী একরামুল ইসলাম কবিরাজের বাবা আক্কাস আলী কবিরাজ। একইদিন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগ আরেকটি মামলা করেন সদর থানাধীন ভীমপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মজিদ। আক্কাস আলীর মামলায় সাতজনকে আসামি করা হয়। পুলিশের মামলায় আসামি করা হয় প্রায় তিন হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে। শুক্রবার বিকালে এক ব্যবসায়ী একরামুল ইসলামকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মাইক্রোবাসসহ তিনজনকে আটক করে। তারা মাইক্রোবাসটি জ্বালিয়ে দেয়। এ সময় তাদের উদ্ধার করতে গেলে জনতার সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষ হয়। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করতে তিন রাউন্ড গুলি ছুঁড়তে হয়েছে। জনতা-পুলিশ সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। নওগাঁর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ওয়াই এম বেলালুর রহমান বলেন, জনতার নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর মডেল থানার ওসি আলী আহমেদ হাশমী, কনস্টেবল শরীফুল ইসলাম, মো. সোহেল রানা, লিপন হোসেন, মো. শেখ ফরিদ, মো. মজনুর রহমান, রিপন হোসেন, মোস্তাফিজুর রহমান ও রাফি আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল রাফিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোহেল রানা, লিপন হোসেন, রিপন হোসেন ও মোস্তাফিজুর রহমান নওগাঁ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এএসপি সদর সার্কেল ও ওসিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপহরণের অভিযোগে গ্রেপ্তাররা হলেন নওগাঁ সদরের ভবানীপুর গ্রামের মাইক্রোবাস চালক জনি সরকার, শিকারপুর গ্রামের আব্দুর রাজ্জাক, আরজী নওগাঁ এলাকার হানিফ এবং জোকাবিলা গ্রামের জাকিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৬ ঘ.