নোয়াখালী, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ওষুধ রাখার অভিযোগে নোয়াখালী সদর উপজেলায় দুই ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে সেবা ফার্মেসির মালিক আবুল কালাম (৪০) এবং আদর্শ ফার্মেসির ইসমাইল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে পুলিশ বাদী হয়ে সুধারাম থানায় দু'টি মামলা দায়ের করেছে।
এ সময় ওই দুই ফার্মেসি থেকে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে বিতরণের ওষুধ উদ্ধার করা হয় বলে জেলা ডিবির ওসি মো. বিল্লাল হোসেন জানান।
বিল্লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হানিফ রোডের আদর্শ ফার্মেসি থেকে দুই কার্টন সরকারি সিরাপসহ ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রায় একই সময়ে মন্তার বাপেরগো দরজা এলাকার সেবা ফার্মেসি থেকে ২৩ পাতা সরকারি ওষুধসহ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
ওসি ডিবি আরো জানান, জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দু'জনকে সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২১২ ঘ.
bdnews24