বগুড়া, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদকে বগুড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মা'র পাশে দাফন করা হয়েছে।
হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি এ আইনজীবী শুক্রবার স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৫২ বছর।
আহম্মেদের পরিবার ও বিএনপির অভিযোগ, গত ১১ অগাস্ট গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনই এ মৃত্যুর কারণ। এর প্রতিবাদে বিএনপি শনিবার সারাদেশে বিক্ষোভ করেছে। সোমবার জেলায় জেলায় বিক্ষোভ করবে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্তের আহম্মেদের প্রথম জানাজা হয় হাইকোর্ট প্রাঙ্গণে। পরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আরেকটি জানাজা হয়। এরপর লাশ নিয়ে যাওয়া হয় বগুড়ায়।
শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি গ্রামে চতুর্থ জানাজা শেষে রাত সাড়ে ৯টায় আহম্মেদকে দাফন করা হয়।
এর আগে ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সোয়া ৭টায় লাশ শেরপুর পৌঁছলে উপজেলা বাস স্ট্যান্ডে বিএনপি কার্যালয়ে একটি জানাজা হয়।
জানাজার আগে সেখানে সমাবেশে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বলেন, "অ্যাডভোকেট আহম্মেদের মৃত্যু স্বাভাবিক নয়। বর্তমান বাকশাল সরকারের পেটোয়া বাহিনী পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। এ সরকার পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে।"
জানাজা শেষে স্থানীয় বিএনপি একটি মিছিলও বের করে।
আদালতে হট্টগোলের মামলায় গত ১১ অগাস্ট সেগুন বাগিচার বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদ। গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও পুলিশ বলে আসছে, তার হার্ট অ্যাটাক হয়েছিলো।
জামিন পাওয়ার পর আহম্মেদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।
পরিবারের ইচ্ছায় শুক্রবার লাশের ময়না তদন্ত হয়নি। তবে রাতে আহম্মেদের স্ত্রী সেলিনা আহম্মেদ নির্যাতনের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, অ্যাটর্নি জেনারেল ও তিন পুলিশ কর্মককর্তার বিরুদ্ধে থানার একটি অভিযোগ করলে পুলিশ ময়না তদন্তের সিদ্ধান্ত নেয়।
আহম্মেদের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকও একই দাবি করেছেন।
বিএনপি সমর্থক আইনজীবীরা নির্যাতনের অভিযোগ করলেও তা নাকচ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আহম্মেদের লাশ নিয়ে এখন 'রাজনীতি' করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫০ ঘ.
bdnews24