২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা নিয়ে পালালেন ব্র্যাক কর্মকর্তা

কিস্তির টাকা নিয়ে নওগাঁর রাণীনগর থেকে ব্র্যাকের এক কর্মকর্তা পালিয়ে গেছেন। গ্রাহকদের দাবি, ওই কর্মকর্তা প্রায় নয় লাখ টাকা নিয়ে গেছেন। তবে ব্র্যাকের শাখা ব্যাবস্থাপক জানান, তিন লাখ টাকা নিয়ে পালিয়েছেন ওই কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

নওগাঁ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিস্তির টাকা নিয়ে নওগাঁর রাণীনগর থেকে ব্র্যাকের এক কর্মকর্তা পালিয়ে গেছেন। গ্রাহকদের দাবি, ওই কর্মকর্তা প্রায় নয় লাখ টাকা নিয়ে গেছেন। তবে ব্র্যাকের শাখা ব্যাবস্থাপক জানান, তিন লাখ টাকা নিয়ে পালিয়েছেন ওই কর্মকর্তা। শনিবার রাণীনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ব্র্যাক এর প্রগতি শাখার সদস্যরা আব্দুল করিম নামে ওই কর্মকর্তার পালিয়ে যাওয়ার তথ্য জানান। ব্র্যাক এর প্রকল্প কর্মকর্তা (পিও) করিম বেতগাড়ী শাখায় সাত বছর ধরে ছিলেন। ফলে ওই এলাকার ব্র্যাক সদস্যদের সঙ্গে তার আন্তরিকতা গড়ে উঠে। এ অবস্থায় মাঝে মাঝেই সদস্যরা কোনো ধরনের রশিদ ছাড়াই তাকে কিস্তির টাকা জমা দিতেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়। এতে অভিযোগ করা হয়, স¤প্রতি সদস্যদের কাছ থেকে রশিদ না দিয়ে ও তাদের সিসি ঋণ করে দেওয়ার নাম করে প্রায় ৯ লাখ টাকা তোলেন করিম। কিন্তু ২৪ জুলাই তিনি কর্মক্ষেত্র থেকে কাউকে কিছু না বলে চলে যান। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন করিম পালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্র্যাকের ইউনিট ব্যবস্থাপক গোলাম মাওলার যোগসাজস রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রগতি শাখার সদস্য ওসমান গণি রতন, সাদেকুল ইসলাম ছিদ্দিক, আবু বক্কর ছিদ্দিক, মোছাদ্দেক আলী, সালাউদ্দীন, মোজাম্মেল হোসেন, সুমন আলী ও আব্দুল মজিদ প্রমুখ। করিমের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সখিপুরে। এ বিষয়ে ব্র্যাকের ইউনিট ব্যবস্থাপক গোলাম মাওলা জানান, ২৭ জুলাই করিম অফিসকে কিছু না বলে চলে যাওয়ার পর রাতেই রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু ২৯ জুলাই তিনি ফিরে এসে কাজে যোগ দেন। সেদিন তিনি মাঠ থেকে ৭০ হাজার টাকা ঋণ আদায় করে ব্যাংকে জমাও দেন। "কিন্তু ৩০ জুলাই সে আবার পালিয়ে যায়। তখন অফিসের নিয়ম অনুযায়ী করিমের গ্রামের বাড়ির ঠিকানায় তিনটি চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো চিঠির উত্তর সে দেয়নি বা কাজে যোগ দেয়নি", বলেন তিনি। গোলাম মাওলা জানান, গত ২৪ অগাস্ট করিমের বিরুদ্ধে জেলার হাকিম আদালতে একটি মামলা হয়। গ্রাহকদের টাকার বিষয়ে মাওলা বলেন, তার হিসাব অনুযায়ী করিম ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। তবে করিমের সঙ্গে নিজের যোগসাজশের অভিযোগ নাকচ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১১০ ঘ.