২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে টেলিফোন এক্সচেঞ্জে ডাকাতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি টেলিফোন এক্সচেঞ্জে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হন দুই কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

গাজীপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি টেলিফোন এক্সচেঞ্জে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হন দুই কর্মচারী। শুক্রবার গভীর রাতে মহিষবাথান এলাকায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ ভবনে এ ডাকাতি হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্বৃত্তরা টাকা, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও টেলিফোনের তারসহ বিভিন্ন মালামাল লুট করে। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে ডাকাতরা ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে অপারেটর শরীফ উল্লাহ ও নৈশপ্রহরী ইলিয়াসকে মারধোর করে এবং হাত-পা বেঁধে রাখে। পরে তারা শরীফের থাকার ঘর থেকে ১৫ হাজার টাকা, ইলিয়াসের ৬ হাজার টাকাসহ অফিসের স্টোর ও আলমারি থেকে মূল্যবান তার, বিদেশ থেকে আনা চ্যানেলের কানেক্টরসহ বিভিন্ন মালামাল লুট করে। পুলিশ কর্মকর্তা আরো জানান, এরপর ডাকাতরা টেলিফোন এক্সচেঞ্জ ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে দু'টি ট্রান্সফরমার নামিয়ে তামার তারের কয়েল খুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই অফিসের কেউ ডাকাতদের সহযোগিতা করেছি কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার সকালে গাজীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আবুল হোসেন ও ওসি আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অফিসের অপারেটর শরীফ উল্লাহ জানান, ডাকাত সদস্যরা রাম দা, পিস্তল ও চাপাতি নিয়ে রাত দেড়টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী লুটপাট চালায়। বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী শহিদউল্লাহ জানান, কালিয়াকৈর টেলিফোন অফিসের একজন কর্মচারী গত শুক্রবার সকালে কাউকে না জানিয়ে ছুটিতে চলে গেছে। ডাকাতদের সহায়তা করেছে বলে প্রাথমিকভাবে তাকে সন্দেহ করা হচ্ছে। শহিদউল্লাহ বাদী হয়ে শনিবার থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০১০ ঘ.