কুমিল্লা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল সড়কের কারণে সমালোচনায় জর্জরিত যোগযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দাবি করেছেন, বাংলাদেশে কোনো রাস্তায় আর খানাখন্দ নেই। ইট, সুরকি ও বালি দিয়ে তা সমান করা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেরামত কাজ পরিদর্শনে এসে কুমিল্লার মিয়ারবাজার এলাকায় তিনি সাংবাদিকদের বলেন, "রাস্তার খানাখন্দ যা ছিলো তা সমান করা হয়েছে। তবে ঈদের আগে কার্পেটিং করা সম্ভব নয়।"
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তার মন্ত্রণালয়ের অধীনে কারো কোনো কাজে অবহেলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বেহাল সড়ক সংস্কারের দাবিতে চলতি মাসের শুরুতে ১৩টি রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র সমালোচনার মুখে পড়েন আবুল হোসেন। এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রীর সঙ্গে বাহাসেও জড়ান তিনি। তখন পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ার অভিযোগ করে এর দায় তিনি অর্থমন্ত্রীর ওপর চাপান। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর প্রতিবাদ জানিয়ে বলেন, তদারকির অভাবেই মহাসড়কগুলোর এই হাল।
শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজ, গৌরীপুর, মাধাইয়া চান্দিনা, কুমিল্লা সেনানিবাস এলাকা, সদর দক্ষিণ এবং মিয়ার বাজার পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী। এ সময় ওইসব এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অবশ্য যানজটের বিষয়টি অস্বীকার করে আবুল হোসেন বলেছেন, "ঈদে মানুষ বাড়ি যাওয়ার সময় গাড়ি কোথাও থেমে যাবে সে অবস্থা এখন আর নাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪৯ ঘ.
bdnews24