চাঁদপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় ডুবোচরে আটকে পড়া 'এমভি কালাম খান-১'র যাত্রীরা অন্য লঞ্চে গন্তব্যস্থল বরিশালের পথে রওনা হয়েছে। তবে উদ্ধার করা যায়নি আটকে পড়া লঞ্চটি।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার সদর ঘাট ছেড়ে আসা কালাম খান মধ্য রাতে চাঁদপুর সংলগ্ন মেঘনায় হরিণা ফেরিঘাটের কাছে মাঝেরচর এলাকা অতিক্রমের সময় আটকা পড়ে বলে বিআইডাব্লিওটিএ কর্মকর্তারা জানিয়েছেন।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা যায়নি। ঈদের ঠিক আগে এ লঞ্চে সহস্রাধিক যাত্রী ছিলো। এরপর এমভি 'এমভি মছিরন খান-১' নামে অন্য একটি লঞ্চ গিয়ে কালাম খানের যাত্রীদের ওঠায়।
কালাম খানের যাত্রীদের নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে মছিরন বরিশালের পথে যাত্রা শুরু করেছে বলে বিআইডাব্লিওটিএ'র চাঁদপুর নদী বন্দরের সহকারী উপ-পরিচালক নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ) মো. শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশালগামী লঞ্চটি রাত সাড়ে ১২টায় মাঝেরচরে আটকা পড়ে।
নূর হোসেন জানান, কালাম খানকে উদ্ধারের জন্য মাওয়া থেকে 'অগ্রযাত্রা' নামে বিআইডব্লিউটিএ'র একটি উদ্ধারযান চাঁদপুর এসে পেীঁছেছে।
শাহজাহান বলেন, লঞ্চটি উদ্ধারের জন্য 'জোয়ার' এর অপেক্ষা করতে হবে। বিকেল ৫টায় জোয়ার আসতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.
bdnews24