নওগাঁ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দায় এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে জনতা।
শুক্রবার বিকালে তাদের পিটুনি দিয়ে স্থানীয় কাঠখৈর বাজারে একটি দোকানে আটকে রাখে। বিক্ষুব্ধ জনতা অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জ্বালিয়ে দেয়।
এ সময় পুলিশ ও র্যাবের সঙ্গে এলাকাবাসীর কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ অন্তত তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।
সাড়ে পাঁচঘণ্টা পর র্যাব ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণকারীদের উদ্ধার করে।
উদ্ধারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের মাইক্রোবাস চালক জনি সরকার, শিকারপুর গ্রামের আব্দুর রাজ্জাক, আরজী নওগাঁ এলাকার হানিফ ও জোকাবিলা গ্রামের জাকিরুল ইসলাম।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আহমেরুজ্জামান, সদর সার্কেল সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মাহফুজ, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামান, সদর থানার ওসি আলী আহমেদ হাশমী এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আহমেরুজ্জামান জানান, মান্দার চকউলী বাজারের ব্যবসায়ী একরামুল ইসলাম কবিরাজ (২৭) বিকাল ৩টার দিকে দোকানে যাওয়ার পথে একদল অপহরণকারী তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে কাঠখৈর বাজার মোড়ে ভটভটি দাঁড় করিয়ে রাস্তায় অবরোধ দিয়ে মাইক্রোবাসটি আটক করে। পরে অপহৃত একরামুলকে উদ্ধার এবং তিনজনকে আটকে গনপিটুনি দেয়। ওই সময় আরো তিন অপহরণকারী পালিয়ে যায়।
এ সময় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটি ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয়। অপহরণকারীদের পিটুনি দিয়ে একটি দোকানে আটকে রাখে তারা।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, সংবাদ পেয়ে নওগাঁ সদর ও মান্দা থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করলে জনতার সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। কিন্তু উদ্ধার করা যায়নি।
রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে র্যাব ও দাঙ্গা পুলিশ পৌঁছলে জনতা তাদের উপরও ইটপাটকেল নিক্ষেপ করে।
জনতার ইটপাটকেল নিক্ষেপের জবাবে র্যাব ও পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এবং লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়।
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.
bdnews24