২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনেই মৃত্যু- নিন্দা খালেদার

পুলিশি নির্যাতনেই আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু হয়েছে দাবি করে এর নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- পুলিশি নির্যাতনেই আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু হয়েছে দাবি করে এর নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। শুক্রবার এ আইনজীবীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই সৌদি আরব থেকে এক বিবৃতিতে নিন্দা জানান বিএনপি চেয়ারপারসন। হাইকোর্টে হট্টগোলের মামলায় এম ইউ আহম্মেদকে গত ১১ অগাস্ট গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। জামিন পাওয়ার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইং এর কর্মকর্তা শাইরুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এম ইউ আহম্মেদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। পুলিশি হেফাজতে নিয়ে অ্যাডভোকেট এম ইউ আহম্মেদের ওপর নির্যাতন চালানোর ফলে তার এই মৃত্যু হয়েছে'। খালেদা বলেছেন, "সরকার দমননীতির মাধ্যমে বিরোধী দলকে দাবিয়ে রাখতে চায়। এভাবে তারা অসংখ্য নেতা-কর্মীকে পুলিশি হেফাজতে নিয়ে নির্যাতন চালিয়েছে। সরকারের এহেন কার্যক্রম কেবল নিন্দনীয় নয়, মানবাধিকার পরিপন্থিও।" এম ইউ আহম্মেদের মৃত্যুর দায় অবশ্যই বর্তমান সরকারকে নিতে হবে, বলেন তিনি। ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরব রয়েছেন। ৩০ অগাস্ট তার দেশে ফেরার কথা। ঢাবি শিক্ষকদের নিন্দা আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকরা শোক প্রকাশ করেছেন। ২৫০ জন শিক্ষক এক যুক্ত বিবৃতিতে এ আইনজীবীর মৃত্যুর জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তিও দাবি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমিন সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, "পুলিশি হেফাজতে এ আইনজীবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের নিন্দা জানাচ্ছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।" বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক ওয়াকিল আহমদ, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক খোন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক সুকোমল বড়–য়া, অধ্যাপক আকা ফিরোজ আহমদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৩ ঘ.