২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবনে সিনার চিকিৎসক-কর্মকর্তা গ্রেপ্তার

চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসকসহ চার জনকে গ্রেপ্তার করেছে ধানমণ্ডি থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 10:26 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসকসহ চার জনকে গ্রেপ্তার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। ধানমণ্ডি থানার ওসি মো.মনিরুজ্জামান বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টার দিকে ওই হাসপাতালে চিকিৎসক সৈয়দ আনোয়ারুল আবেদীনসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। নবজাতকের মৃত্যুর ঘটনায় তার বাবা ইদ্রিস শিকদার বুধবার একটি মামলা করেন। সে মামলায়ই এ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তার অন্যরা হলেন- ইবনে সিনা হাসপাতালের মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও আকতার হোসেন খান। চিকিৎসককে হাইকোর্টের ফটক থেকে এবং অন্যদের ইবনে সিনা হাসপাতালে থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি । চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় দুপুরে হাইকোর্ট ওই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাদে অন্য সব সদস্যকে গ্রেপ্তারের নির্র্দেশ দেয়। গত ১৫ অগাস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে প্রচারিত একটি প্রতিবেদনে ইদ্রিসের সন্তানের মৃত্যুর খবর প্রচার করে বলা হয়, চিকিৎসায় অবহেলাই ওই শিশুর মৃত্যুর কারণ। বিষয়টি হাইকোর্টের নজরে এলে এ বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/এমআই/১৬২৩ ঘ.