২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্বর্ণ ছিনতাই: তিনজন রিমান্ডে

সিরাজগঞ্জে বাসযাত্রী থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আটকদের মধ্যে এক কনস্টেবলসহ তিনজনকে দু'দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জে বাসযাত্রী থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আটকদের মধ্যে এক কনস্টেবলসহ তিনজনকে দু'দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। বুধবার সিরাজগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। হেফাজতে নেওয়া হয়েছে কনস্টেবল গোলাম রব্বানী (৩২), বগুড়া সদরের শাখাবাড়িয়া গ্রামের আতাউর রহমান (৩৫) ও ঠেঙ্গামারা দক্ষিণপাড়ার দৌলতজাহানকে (৪২)। গত ২৪ জুন সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে পুলিশের চার কনস্টেবল ও দুই সহযোগী বগুড়ার স্বর্ণ ব্যবসায়ী রায়হান আলীর কাছ থেকে ২২১ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। ১২ অগাস্ট চার কনস্টেবল শাহনেওয়াজ সুমন, অসীম বাবু, রাজু আহমেদ, আতাউল এবং দুই সহযোগী আতাউর রহমান ও দৌলতজাহানকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি'র উপ-পরিদর্শক রাকিবুল হাসান জানান, ১৬ অগাস্ট গ্রেপ্তার চার কনস্টেবলকে তিনদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ৪৪ ভরি স্বর্ণ ও নগদ ৩৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে রাকিবুল জানান। তিনি আরও জানান, অভিযুক্ত চার পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। গত ২৪ জুন ভোরে ঢাকা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস রায়গঞ্জ উপজেলার হাইওয়ে ভিলায় যাত্রা বিরতি করে। এ সময় পুলিশের চার কনস্টেবল ও তাদের দুই সহযোগী বগুড়ার স্বর্ণ ব্যবসায়ী রায়হান আলীকে জোরপুর্বক বাস থেকে নামিয়ে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তার কাছ থেকে ২২১ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে শেরপুর এলাকায় নামিয়ে দেয়। এ ঘটনায় রায়হান ১২ অগাস্ট রায়গঞ্জ থানায় ছিনতাই মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৩ ঘ.