ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১৫ দিনে হবিগঞ্জ ও মাদারীপুরের দুই নারীর পর এবার খোদ রাজধানী ঢাকায় সালিশে অপবাদের পর আত্মহত্যায় মুক্তি খুঁজে নিয়েছেন এক পোশাক শ্রমিক।
সালিশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশের পরও হবিগঞ্জ ও মাদারীপুরের ঘটনার পর উচ্চ আদালতের অসন্তোষ প্রকাশের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় আত্মহত্যা করেন মোহাম্মদপুরের পোশাক শ্রমিক পারভীন আক্তার।
তবে এক্ষেত্রে খুব দ্রুতই তৎপরতা দেখিয়েছে পুলিশ। রাতেই গ্রেপ্তার করা হয়েছে ছয় সালিশকারীকে। মামলা করেছেন পারভিনের মা। ওই মামলায় এ ছয় জনের বিরুদ্ধে আনা হয়েছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমুল হোসেন (২০), আইয়ুব মোল্লা (৪২), মো. আব্দুল ওয়াদুদ (৬০), মো. শাহ আলম (৩৪), কামাল মোল্লা (৫০) ও মো. আজিম (২৬)।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, নবীনগর হাউজিং লিমিটেডের হাজেরা খাতুনের মেয়ে পারভীন (১৭) মঙ্গলবার সন্ধ্যায় ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়ান পেঁচিয়ে আত্মহত্যা করে।
হাজেরা পাশে রিকশার গ্যারেজের মেসে ভাত রান্না করে থাকে। ওই মেসে নাজমুল হোসেন (২০) নামে এক সেলুন দোকানি নিয়মিত খাওয়া-দাওয়া করে। ওই পরিচয়ের সূত্র ধরে পারভীনের সঙ্গে নাজমুলের সম্পর্ক গড়ে উঠে বলে পুলিশ জানায়।
হাজেরা এজাহারে অভিযোগ করেছেন, "বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২/৩ মাস আগে পারভিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নাজমুল। মঙ্গলবার সকালে তার মেয়ে গার্মেন্টেসে যাওয়ার সময় নাজমুল ফুসলিয়ে তার মেসের ঘরে নিয়ে আটকে রাখে। পরে স্থানীয় ৫/৬ জন জানতে পেরে মেয়েকে ঘর থেকে বের করে মারধর করে বাসায় পাঠিয়ে দেয়।"
পারভীন ঘটনাটি মাকে জানালে হাজেরা এ নিয়ে নাজমুলের বাবা আইয়ুব মোল্লার কাছে নালিশ করে।
হাজেরা বলেন, মঙ্গলবার দুপুরে আইয়ুব মোল্লা সালিশ ডাকে স্থানীয় কামাল মোল্লার বাড়িতে।
ওই সালিশে পারভীনকে ও তার মাকে গালাগাল এবং তাদের চরিত্র নিয়ে নানা অপবাদ দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিশ শেষ হয় বলে জানান হাজেরা।
সালিশের পর পারভীন ক্ষোভ ও লজ্জায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে তার মা দাবি করেন।
ওসি বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় অভিযান চালিয়ে রাতেই ছয় জনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য তিন আসামিকে গ্রেপ্তারেও চেষ্টা চলছে বলে জানান তিনি।
ওসি বলেন, কামাল মোল্লার বাসায় সালিশে নাজমুল ও পারভিনের মধ্যে বিয়ের কথাও উঠেছিলো। কিন্তু নাজমুলের পক্ষ থেকে এ প্রস্তাব মেনে নেওয়া হয়নি।
"বিয়ে হলে আত্মহত্যার ঘটনা নাও ঘটতে পারতো", বলেন তিনি।
সালিশে সমাজচ্যুত ঘোষণার পর গত ১৫ অগাস্ট হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের ফেরদৌসী বেগম নামে এক নারী চার সন্তান নিয়ে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়েন। এতে তিনিসহ তিন জন মারা যান। এরপর ২০ অগাস্ট মাদারীপুরে সালিশে নির্যাতনের পর আত্মহত্যা করেন মাদ্রাসাছাত্রী শিরীণ আক্তার।
দুটি ঘটনাই নজরে এলে হাইকোর্ট এ নিয়ে রুল জারি করে। এর আগে রংপুরের বদরগঞ্জে সালিশের মাধ্যমে গৃহবধূ নির্যাতনের ঘটনায় গত ৩১ জুলাই হাইকোর্ট বলে, এ ধরনের সালিশ-ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে। গ্রাম্য সালিশ বন্ধ করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭১০ ঘ.
bdnews24