২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে চার ইউনিয়নে বন্যা

টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে শেরপুরের নকলা উপজেলার চারটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

শেরপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে শেরপুরের নকলা উপজেলার চারটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। ইউনিয়নগুলো হলো নকলা, উরফা, গণপদ্দি ও গৌরদ্বার। এসব ইউনিয়নের অন্তত ৩৩টি গ্রামের বিস্তীর্ণ এলাকার রেপা আমন ধান, সবজী ক্ষেত ও আমন বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। গ্রামীণ রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক বাড়িঘরেও পানি প্রবেশ করায় মানুষ গবাদি পশু নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছে। নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও গৌরদ্বার ইউনিয়ন পরিষদ চেয়ারাম্যান মজিবর রহমান হীরা জানান, বন্যায় চারটি ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রোপা আমন ধানের। উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বন্যার কথা এলাকার সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে জানানো হয়েছে। নকলার ডাকাতিয়া কান্দা গ্রামের কৃষক সিরাজ উদ্দিন মেম্বার জানান, সদ্য রোপা আমন ধানের ক্ষেত ও জালা (বীজতলা) ডুবে গেছে। পানি সরে যাওয়ার পর জালা পাওয়া না গেলে জমি এবার আবাদহীন থাকবে। একই গ্রামের শিক্ষক আব্দুল মোত্তালেব সেলিম জানান, গ্রামের প্রায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকের বাড়িঘর ডুবে থাকায় গবাদি পশুসহ মানুষ রাস্তা ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত গ্রামগুলো হলো নকলা ইউনিয়নের নকলা, ধনাকুশা, ধামনা, ডাকাতিয়াকান্দা, গাংপাড়, নামাপাড়া ও ছত্রকোণা। উরফা ইউনিয়নের উরফা, বেনীর গোপ, তাবাকান্দা, হাসান খিলা, পিছলাকুড়ি, বাসরাকান্দা, লযখা ও সোনাকান্দি। গণপদ্দি ইউনিয়নের বিহারিরপাড়, বারইকান্দি, খারজান, গণপদ্দি, আদমপুর, মেদিরপাড় ও বরইতার। গৌরদ্বার ইউনিয়নের তেঘরি, ছাতু গাও, দড়িতেঘড়ি, গৌরদ্বার, পাইসকা, রুনিগাঁও, লাভা ও নয়াবাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.