চাঁদপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য এক জনকে হত্যার উদ্দেশ্যে রিকশায় চড়ে যাওয়ার পথে ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে রিকশাচালককেই হত্যার কথা স্বীকার করেছেন চাঁদপুরের এক ব্যক্তি।
পুলিশের কাছে দোষ স্বীকারকারী এ ব্যক্তির নাম সহিদুল ইসলাম সুমন (৩২)। রিকশাচালক জামাল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
জামাল গত ৭ আগস্ট রাতে সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন। তার বাড়ি ভোলা জেলায়।
হত্যার পর তার ভাই থানায় একটি মামলা করলে পুলিশ অপরাধী ধরতে অভিযানে নামে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৮ অগাস্ট ইয়াসিন নামে এক জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাতে সুমন ও আজাদ ব্যাপারী গ্রেপ্তার হন বলে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের স্থান থেকে উদ্ধার করা একটি মোবাইল কলের সূত্র ধরে তাদের আটক করা হয়।"
গ্রেপ্তার সবার বাড়ি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে।
থানার ওসি জাকের হোসাইন জানান, হত্যাকাণ্ডের দায় সুমন স্বীকার করেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুমন তার সৎ ভাই লিটনকে হত্যার উদ্দেশ্যে রিকশায় করে বাগাদী এলাকায় যাচ্ছিলো। ভাড়া নিয়ে জামালের সঙ্গে তার তর্ক বাধে। উত্তেজিত সুমন তখন তার সঙ্গে থাকা ছোরা দিয়ে জামালকে হত্যা করে।"
সুমনের আরো অপরাধের নজিরও তুলে ধরেন ওসি। তিনি জানান, পুলিশের দায়ের করা একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের সাজার আদেশ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪১৬ ঘ.
bdnews24