২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাগে সব নদীতে চলে গেছে'

মেলা দিন ধইরে শুনে আসতিছি নদীতি ব্লক আর বালির বস্তা ফেলাবে। এসব ফেলালি নদী আর ভাঙবে নানে। কনটাকটারের লোকজন এগুলো বানায়ে নদীর পাড়ে থুয়ে দেছে। আর এদিকে আমাগে সব নদীতি চলে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

নড়াইল, অগাস্ট ১৮, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেলা দিন ধইরে শুনে আসতিছি নদীতি ব্লক আর বালির বস্তা ফেলাবে। এসব ফেলালি নদী আর ভাঙবে নানে। কনটাকটারের লোকজন এগুলো বানায়ে নদীর পাড়ে থুয়ে দেছে। আর এদিকে আমাগে সব নদীতি চলে গেছে। কথাগুলো বলেছেন নড়াইলের কালিয়া উপজেলার মহাজন গ্রামের কৃষ্ণ পদ বিশ্বাস। মধুমতি ও নবগঙ্গা নদীর ভাঙনে নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলার শতাধিক ঘরবাড়ি এরইমধ্যে হারিয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে নদী তীরের আরো হাজার হাজার মানুষ। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়ার সঙ্গে ভাঙনের তীব্রতাও বাড়ে। ভাঙনের মুখে রয়েছে নদী তীরের প্রায় ৫০টি গ্রাম। নড়াইলের বড়দিয়া বাজারের ব্যবসায়ী জামিল চৌধুরী বলেন, নদীতে ভাঙন শুরু হলেই তড়িঘড়ি করে কিছু বস্তা আর ব্লক ফেলা হয় নদীতে। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না। নবগঙ্গার ভাঙনে ঘরবাড়ি হারানো কালিয়ার মহাজন গ্রামের তাপস দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক রাতের মধ্যেই তার বাড়িসহ ৫টি বাড়ি নদীতে তলিয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। "অথচ ভাঙন ঠেকানোর জন্য ঠিকাদারের বানানো ব্লক আর সেলাই করা বালির বস্তাগুলো আমার বাড়ির পাশেই বেশ কয়েকদিন ধরে রাখা আছে। সময়মত এগুলো নদীতে ফেললে হয়তো আমার ঘরবাড়ি রক্ষা পেতো", বলেন তিনি। একই অভিযোগ করেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বিনয় বর্মন, তুলসী বিশ্বাসসহ আরো অনেকে। গত এক সপ্তাহে এ এলাকায় ৩২টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নবগঙ্গায় হারিয়ে গেছে। গত রোববার রাতেই ওই এলাকার সুধাস ঠাকুর, প্রভু বিশ্বাস, গোপাল বিশ্বাস, বিকাশ বিশ্বাস, অমর বিশ্বাস, রুহুল আমিন, শৈলেন্দুনাথের বসতবাড়ি নদীতে তলিয়ে যায়। ভাঙন আতঙ্কে অনেকে তাদের গাছ-পালা কেটে নিয়ে বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে পানির অতিরিক্ত চাপ থাকায় নবগঙ্গা নদীর তীর রক্ষা কাজ বন্ধ রয়েছে। তিনি জানান, মহাজন বাজার ও আশপাশের এলাকার ভাঙন ঠেকাতে ২২ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকার একটি প্রকল্পের কাজ চলছে। এ বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে নদীতীর রক্ষার কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারদের গাফিলতিকে দায়ী করেন তিনি। নড়াইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, গত এক সপ্তাহে লোহাগড়া উপজেলার বড়দিয়া নদীবন্দরসহ আশপাশের বসতবাড়ি ও দোকানপাট, শিয়রবর বাজার, তেলকাড়া, করগাতি, মঙ্গলপুর, মহিষাপাড়া, করফা, কালনা, কামঠানা, চর-শালনগর, চরদৌলতপুর, ডিগ্রিরচর, কাতলাসুর, মঙ্গলহাটা, রামকান্তপুর, আমডাঙ্গা, কোটাকোল, আজমপুর, ধানাইড়, চরভাটপাড়া, ইতনা, ঘাঁঘা, দৌলতপুর, ধলইতলা, মল্লিকপুর ও বকজুড়ি এলাকা, মহাজন বাজারের অধিকাংশ দোকানপাট, সরসপুর, চর-মধুপুর, দেবীপুর, বাহিরডাঙ্গা, মাওলী, শুক্তগ্রাম, চাঁন্দেরচর, কাঞ্চনপুর, ময়নাপাড়া, ব্রাক্ষ্মণপাটনা, বারইপাড়া, বিষ্ণুপুর, মাধবপাশা, গাজীরহাট বাজার, পেড়লী, বড় কালিয়া, ঘোষণাওরা, বেন্দা, কুলসুর, হামিদপুর, পুরুলিয়া, বাবরা প্রভৃতি গ্রামের শতাধিক বাড়িঘর মধুমতি ও নবগঙ্গা নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া এক হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে রয়েছে। নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হক জানান, ভাঙন ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি উপজেলায় মোট ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো. কবিরুল হক মুক্তি বলেন, গাফিলতি ও সংশ্লিষ্ট ঠিকাদারদের অবহেলার কারণে মহাজন বাজারসহ নদী তীরবর্তী অনেক এলাকা ভাঙনের মুখে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১২৫ ঘ.