২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকি ৮ প্রকল্পে নয়া দিল্লির সম্মতি চায় ঢাকা

ভারতের প্রতিশ্র"ত একশ' কোটি ডলার ঋণের আওতায় প্রস্তাবিত ২০টি প্রকল্পের মধ্যে বাকি আটটির অনুমোদন প্রক্রিয়াও দ্রুত শেষ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

নয়া দিল্লি, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রতিশ্র"ত একশ' কোটি ডলার ঋণের আওতায় প্রস্তাবিত ২০টি প্রকল্পের মধ্যে বাকি আটটির অনুমোদন প্রক্রিয়াও দ্রুত শেষ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বুধবার সন্ধ্যায় নয়া দিল্লিতে ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ জানান। দিল্লির রাইসিনা হিলসের নর্থ ব্লকে অর্থমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়। ভারত সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মশিউর রহমান ও গওহর রিজভী ঋণ চুক্তির আওতায় বাকি আটটি প্রকল্প অনুমোদনের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে প্রণব মুখার্জিকে অনুরোধ করেছেন। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় যেসব ঘোষণা আসতে পারে- তার রূপরেখা নিয়েও ভারতীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন উপদেষ্টারা। ভারতীয় কর্মকর্তারা জানান, একশ' কোটি ডলার ঋণচুক্তির আওতায় ইতোমধ্যে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে নয়া দিল্লি। বাকি আটটি প্রকল্প নিয়ে ঢাকার সঙ্গে কথা বলতে চায় তারা। অনুমোদিত ১২টি প্রকল্পে প্রতিশ্র"ত ঋণের প্রায় ৭০ শতাংশ ব্যয় হবে। মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি জানতে গত মঙ্গলবার নয়া দিল্লি যান মশিউর ও রিজভী। তারা ইতোমধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন এবং নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় একশ' কোটি ডলারের এই ঋণ দেওয়ার ঘোষণা আসে। রেল অবকাঠামো উন্নয়ন, নতুন রেল লাইন স্থাপন, রেল সেতু নির্মাণ ছাড়াও ডিজেল মাল্টিপল ইউনিট, লোকোমোটিভ, প্যাসেঞ্জার কোচ, ট্যাংক ওয়াগন, ফ্ল্যাট ওয়াগন ও বাস কেনা এবং নদী খনন প্রকল্পের জন্য ওই অর্থ দেওয়া হবে বলে জানানো হয়। এর আওতায় গত বছর ৭ অগাস্ট ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভারতের শর্ত ছিল, ওই টাকায় কেনা যন্ত্রাংশ ও সেবার ৭৫ শতাংশ ভারত থেকেই নিতে হবে। এই শর্তের কারণে ঢাকার প্রস্তাবিত প্রকল্পগুলো নয়া দিল্লির অনুমোদন পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে। অবশ্য বেসামরিক খাত সংশ্লিষ্ট প্রকল্পে ভারত থেকে যন্ত্রাংশ ও সেবা কেনার ওই হার ৬৫ শতাংশে নামিয়ে আনার একটি প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে ভারতীয় কর্মকর্তারা জানান। মনমোহন সিংয়ের ঢাকা সফরে দুই দেশের প্রধানমন্ত্রী ওই ঋণের আওতায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলেও ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২১২৮ ঘ.