চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দফা আমন্ত্রণ জানিয়েও সাড়া না পেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এবার বলেছেন, বিএনপি আগামী পাঁচ মাসের মধ্যে যে কোনো সময় সংলাপে বসতে পারে।
বৃহস্পতিবার চট্টগ্রামে আয়োজিত এক কর্মশালা শেষে সিইসি সাংবাদিকদের বলেন, "দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত কমিশনের জানা দরকার। তারা চাইলে যে কোনো সময় আলাপ করতে পারে।"
আগামী ফেব্র"য়ারিতে বর্তমান নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হবে। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারকে কিছু সুপারিশ করা হবে। ওই সুপারিশ দেওয়ার আগেই যে কোনো সময় বিএনপি সংলাপে বসতে পারে বলে উল্লেখ করেন শামসুল হুদা।
গত দুই মাসে নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে বিভিন্ন বিষয়ে সংলাপ করে ইসি। এই সংলাপে যোগ দিতে বিএনপিকে দুই দফা আমন্ত্রণ জানানো হলেও তাতে সাড়া দেয়নি প্রধান বিরোধী দল। সমমনা আরো ছয়টি দল বিএনপিকে অনুসরণ করে।
নগরীর ষোলশহরে এলজিআরডি কার্যালয়ের সভাকক্ষে পাঁচ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা ও দুই বছর মেয়াদী কর্ম-পরিকল্পনা বিষয়ে এই 'ডিসেমিনেশন ওয়ার্কশপ' এর আয়োজন করে নির্বাচন কমিশন।
আঞ্চলিক পর্যায়ে দুইদিনের এই কর্মশালা আয়োজনে কমিশনকে সহযোগিতা দেয় বেসরকারি সংস্থা স্ট্রেন্দেনিং ইলেকশন ম্যানেজম্যান্ট ইন বাংলাদেশ (এসইএমবি)। চট্টগ্রাম ও কুমিল্লার নির্বাচনী কর্মকর্তারা এতে অংশ নেন।
কর্মশালার দ্বিতীয় দিনে 'পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা' বিষয়ে আলোচনায় অ ংশ নিয়ে শামসুল হুদা বলেন, "দেশে সংঘর্ষপূর্ণ রাজনীতি বিদ্যমান। রাজনৈতিক এ বিষয়টিকে মেনে নিয়েই নির্বাচন কমিশনকে কাজ করতে হবে।"
রাজনৈতিক অস্থিরতার কারণে নির্বাচন অনুষ্ঠানে দেরি করার সুযোগ নেই মন্তব্য করে সিইসি বলেন, "সংবিধানে পাঁচ বছর পরপর নির্বাচন করার বাধ্যবধকতা রয়েছে। তাই যথাসময়ে নির্বাচন করতে হবে। ২০০৬ সালের নির্বাচন হয়েছে ২০০৮ সালে। এটা কাঙ্খিত ছিল না।"
সময়মতো নির্বাচন আয়োজন করতে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও মতবিনিময় অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করা হবে জানিয়ে শামসুল হুদা বলেন, সেখানে সফল হলে জাতীয় নির্বাচনেও ইভিএমের মাধ্যম ভোট গ্রহণ করা হবে।
রাজনীতিতে সম্পৃক্তদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া উচিৎ নয় মন্তব্য করে সিইসি বলেন, নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার সময় তার শিক্ষাগত ফলাফল এবং আইন বিষয়ে জ্ঞান যাচাই করে নেওয়া উচিত।
অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় উল্লেখ করে সিইসি বলেন, একটি নির্বাচনে কেবল পোলিং অফিসারই লাগে পাঁচ লাখ। এছাড়া অন্যান্য কাজে আরো পাঁচ লাখসহ মোট ১০ লাখ লোকবল প্রয়োজন।
"নির্বাচন কমিশন এতো লোকবল পাবে কোথায়," প্রশ্ন রাখেন তিনি।
অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের উপ-সচিব জেসমিন টুলি কর্মশালায় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/জেকে/২০৪৯ ঘ.
bdnews24