নয়া দিল্লি, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও ঢাকা আসছেন।
আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহনের এই সফরে তিস্তার পানি বণ্টন, ছিটমহল, অপদখলীয় ভূমি বিরোধসহ বিভিন্ন সমস্যা নিয়ে সমঝোতা হবে বলে আশা করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বুধবার কলকাতায় সাংবাদিকদের জানান, ঢাকা সফরে যোগ দিতে মনমোহন সিংয়ের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন।
মেঘালয়ের রাজধানী শিলংয়ে মুখ্যমন্ত্রী সাংমা সাংবাদিকদের বলেন, এ সফরে প্রধানমন্ত্রীকে সঙ্গ দেওয়ার জন্য অপেক্ষা করছেন তিনি। মনমোহনের এ সফরের মধ্য দিয়ে সীমান্তের দুই পাশের মানুষ পরস্পরের আরো কাছে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের সঙ্গে যথাক্রমে ২২১৭ ও ৪৪৩ কিলোমিটার।
গত ১৩ মে পশ্চিমবঙ্গ রাজ্যসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ বিজয়ের পর তাকে টেলিফোনে অভিনন্দন জানান শেখ হাসিনা। মমতা সে সময়ই জানিয়েছিলেন, শিগগিরই ঢাকা আসছেন তিনি।
এর আগে ২০১০ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় তাকে একটি শাড়ি উপহার দেন ভারতের তৎকালীন রেলমন্ত্রী মমতা।
স¤প্রতি কলকাতায় মমতার সঙ্গে সাক্ষাৎ করেন হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
মমতার দল তৃণমূল কংগ্রেস ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অন্যতম অংশীদার। মুকুল সাংমাও ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস থেকে নির্বাচিত।
দুই দেশের কর্মকর্তারা বলে আসছেন, মনমোহন সিংয়ের এই সফরে দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে একটি অন্তবর্তীকালীন চুক্তি হতে পারে। বাংলাদেশে প্রবেশের আগে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উত্তর অংশ পার হয়ে আসে নদীটি।
সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তিস্তা নদীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল পশ্চিমবঙ্গ। ফলে এ নদীর পানি বণ্টনের বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতামতের ওপর গুরুত্ব দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএইচ/জেকে/২১০৮ ঘ.
bdnews24