ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬২তম জন্মবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাট্যজন সেলিম আল দীনকে স্মরণ করেছে দেশ।
রবীন্দ্রপরবর্তী বাংলা নাটকের দিকপাল সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ অগাস্ট ফেনীর সেনেরখিলে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান তিনি।
সেলিম আল দীনের জন্মদিন উপলক্ষে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। বিভিন্ন জেলার নাট্য সংগঠনগুলোও দিনটি উদযাপন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও স্মরণ করে তাদের এ শিক্ষককে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বৃহস্পতিবার থেকে দুদিনের উৎসব শুরু হয়েছে। প্রতি দিন নাট্যশালার তিনটি হলে তার রচিত নাটক মঞ্চায়ন হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকালে শোভাযাত্রা বের করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তা উদ্বোধন করে সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম। শোভাযাত্রা শেষে সেলিম আল দীনের সমাধিতে ফুল দেওয়া হবে।
দুপুর ১২টায় জহির রায়হান মিলনায়তনে 'সেলিম আল দীনের নাটকে লোক জীবন ও কৃষি প্রসঙ্গ' শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন নাট্যকার ও গবেষক জাহারাবী রিপন। আলোচনা করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান ও অধ্যাপক রশীদ হারুন।
এরপর একই স্থানে সেলিম আল দীন রচিত গান পরিবেশন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।
মুক্তিযুদ্ধপরবর্তী সময়ে বাংলা নাটককে ঔপনিবেশিক ধ্যান-ধারণা থেকে মুক্ত করার ক্ষেত্রে যে কয়েকজন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, সেলিম আল দীন তাদের অন্যতম।
বাংলা নাটকে তিনি এক নতুনধারা সংযোজন করেছেন। বিশ্বসাহিত্যের ধ্র"পদী ধারায় শ্রমজীবী মানুষ এবং আবহমানকালের সংস্কৃতিকে সেলিম আল দীন তার নাটকে মহাকাব্যিক ব্যাপ্তি দিতে পেরেছিলেন।
শিল্পমূল্যে তার নাটক আজ বাঙলা উপন্যাস ও আধুনিক কবিতার সমপংক্তিতে সমাসীন। বাঙালি সহস্র বৎসরের নন্দনতত্ত্বের আলোকে পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে অস্বীকার করে বাংলা সাহিত্যে তিনি এক নবতর শিল্পরীতির প্রবর্তন করেছেন। একে তিনি দ্বৈতাদ্বৈতবাদী শিল্পরীতি অভিধায় চিহ্নিত করেছেন।
সেলিম আল দীন বাংলাদেশে গ্র"প থিয়েটার আন্দোলনের অন্যতম পুরোধা ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাটক বিষয় হিসেবে পাঠ্য করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
সেলিম আল দীনের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়। তিনি ওই বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি।
একাধিক ভাষায় অনূদিত সেলিম আল দীনের নাটক বিশ্বের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। বাংলা নাটকে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার অর্জন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/প্রতিনিধি/এমআই/১৯১১ ঘ.
bdnews24