ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ফরহাদ খাঁ ও রহিমা খানমকে হত্যার জন্য ফুপুকে দায়ী করে তার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এ দম্পতির মেয়ে।
গত ২৮ জানুয়ারি নয়া পল্টনের নিজ বাসায় সস্ত্রীক খুন হন দৈনিক জনতার যুগ্ম বার্তা সম্পাদক ফরহাদ।
তাদের একমাত্র মেয়ে আইরিন পারভীন খান বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, "এটা ছিলো সুপরিকল্পিত পারিবারিক হত্যাকাণ্ড। আমার বাবা-মায়ের খুনের পেছনে আমার আত্মীয়রা বিশেষত আমার ফুপুরা দায়ী।"
কানাডা প্রবাসী আইরিন মনে করছেন, সম্পত্তির দখল নিতেই খুন করা হয় তার বাবা-মাকে।
"আমার অনুপস্থিতিতে বাবার পেনশনের টাকা এবং জমিজমা হস্তগত করতে আমার ফুপাত ভাই ইয়ন ভাড়াটে খুনি ওশান রাজুকে দিয়ে নৃশংসভাবে আমার বাবা-মা কে খুন করিয়েছে", বলেন তিনি।
হত্যাকাণ্ডের পর ফরহাদের ভাই আব্দুস সামাদ খাঁ ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন এবং তার দুই সহযোগী আবু জায়েদ রাজু ও রাজু আহমেদ রাজু ওরফে ওশান রাজুকে আসামি করে পল্টন থানায় একটি হত্যা মামলা করেন।
আইরিন বলেন, ঘটনার তিন দিনের মাথায় ইয়নকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা এখনো পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে।
এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দ্রুত করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে সামাদ খাঁ এবং তাদের পারিবারিক বন্ধু হাসান টগর উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/এমআই/১৮২৫ ঘ.
bdnews24