চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোক আর শ্রদ্ধায় চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল, শোক শোভাযাত্রা, বিশেষ মোনাজাত, খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ নানা আয়োজন ছিলো বন্দর নগরীতে।
সোমবার সকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। দলীয় কার্যালয়ে কোরান খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোতোয়ালি শাখার আয়োজনে বিকালে নগরীর হাজারি গলিস্থ পার্টি কার্যালয়ে আলোচনা সভা হয়।
বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম শাখা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সকালে কোরান খতম, মিলাদ মাহফিল ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিকালে আয়োজন করা হয়েছে শোক দিবসের আলোচনা সভা। সকালে চবি ক্যাম্পাসে শোক র্যালি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বিকালে নগরীর মুসলিম হলে আলোচনা সভা করে নগর কমিটির যুগ্ম সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীনের অনুুসারীরা।
নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করেছেন।
নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গনে আগত ১০ হাজার নেতা-কর্মীর জন্য মেজবানের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24