২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাকা-ময়মনসিংহ বাস বুধবার চালু হতে পারে'

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল রুটে বুধবার থেকে বাস চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল রুটে বুধবার থেকে বাস চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম। সড়ক মেরামতের দাবিতে গত ১০ অগাস্ট থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং ১৩ অগাস্ট থেকে টাঙ্গাইল-ঢাকা রুটে টাঙ্গাইল জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছে। মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুর-চৌরাস্তা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহের ১৩টি রুটে বাস চলাচল করে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপাতত চলাচলের উপযোগী করার জন্য সড়কের বড় বড় গর্ত বালি, ইট ও সুড়কি দিয়ে ভরাট করা হচ্ছে। শুনেছি, ঈদের পর সংস্কার করা হবে।" তিনি বলেন, "কাজ দেখে সন্তুষ্ট হতে না পারলেও যাত্রীদের দুর্ভোগ এবং ঈদের কথা বিবেচনা করে বুধবার থেকে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল রুটে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে মঙ্গলবার ঘোষণা দেওয়া হবে।" গত ছয়দিন ধরে মহাখালী টার্মিনাল থেকে উত্তরাঞ্চলের বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে ঢাকা-ময়মনসিংহ রুটে ২০টি এবং ঢাকা-টাঙ্গাইল রুটে ১০টি বাস নামায় বিআরটিসি কর্তৃপক্ষ। তবে ব্যক্তি মালিকানার তিন শতাধিক বাসের বিপরীতে এই ব্যবস্থা ছিল একেবারেই অপ্রতুল। সোমবার মহাখালী টার্মিনালে গিয়ে দেখা যায়, প্রায় যাত্রীশূন্য টার্মিনালে সারি সারি সাজানো বাসগুলো যেন বিশ্রাম নিচ্ছে। অলস সময় কাটাচ্ছে চালকসহ পরিবহন শ্রমিকরা। ময়মনসিংহগামী যাত্রী মো. রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি রোববার থেকে বিআরটিসির বাস চলাচল শুরু হয়েছে। তাই এখানে আসলাম। কিন্তু দুই ঘণ্টা ধরে অপেক্ষা করেও বাস পাচ্ছি না।" রফিকুলের মতো আরো কিছু যাত্রীকে মহাখালী টার্মিনালে অপেক্ষা করতে দেখা যায়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাহিদার তুলনায় বাস কম। তাই এমন হতেই পারে।" সেবার দেওয়ার ক্ষেত্রে বিআরটিসির 'আন্তরিকতার অভাব নেই' দাবি করে তিনি বলেন, " ইতোমধ্যে ঢাকা-ময়মনসিংহ রুটে বিআরটিসির ২০টি এবং ঢাকা-টাঙ্গাইল রুটে ১০টি বাস চলাচল শুরু করেছে। এসব রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে।" কমলাপুর ডিপো থেকে ছেড়ে এসব বাস মহাখালী হয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইল যাচ্ছে বলে জানান তিনি। পরিবহন মালিক সমিতির বাস বন্ধ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে ইকবাল বলেন, "মালিকরা অহেতুক বাস চলাচল বন্ধ রেখেছে। বিআরটিসির বাস এসব রুটে চলাচল শুরু করছে, কোথাও কোনো সমস্যা হয়নি। অথচ মালিকরা বলছে, তারা বাস চালাতে পারছেন না।" মালিকরা যাতে ভবিষ্যতে আর যাত্রীদের জিম্মি না করতে পারে- সেজন্য এসব রুটে নিয়মিত বিআরটিসির বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে বিআরটিসির চেয়ারম্যান জানান। মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির অভিযোগ, গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী নয়। এ অবস্থায় সওজ রাস্তায় ইট ফেলায় তা আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম দাবি করেছেন, ১০ অগাস্ট ইঞ্জিনে পানি ঢুকে মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকার আশে-পাশে পাঁচটি ও মাওনা এলাকায় ১৫-১৬টি বাসের ইঞ্জিন নষ্ট হয়েছে। এসব রাস্তায় ধীর গতিতে চলতে গিয়ে যানজট বাড়ছে, জ্বালানি খরচও বেশি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮১৪ ঘ.