২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪টি বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ভেজাল মেশানোর অপরাধে চট্টগ্রামে চারটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ভেজাল মেশানোর অপরাধে চট্টগ্রামে চারটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুটি আদালত এ অভিযান পরিচালনা করে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম যুথিকা সরকারের নেতৃত্বে নগরীর ডবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ি যুগী চাঁদ মসজিদ লেইনের 'মাস্টার বেকারী অ্যান্ড কনফেকশনারি'তে অভিযান চালানো হয়। যুথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, চানাচুর ও পাউরুটি এবং ভেজাল লাচ্ছা সেমাই তৈরি করার মাস্টার বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্বাহী হাকিম ফজলে এলাহীর নেতৃত্বে নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকায় আরেকটি ভ্রাম্যমান আদালত বিস্কুট, পাউরুটি ও সেমাইয়ে ভেজাল মেশানোর অপরাধে মক্কা সুইটস মিটকে পাঁচ হাজার, কলনী সুইটসকে পাঁচ হাজার ও জব্বার সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করে। এতে সহায়তা করে র‌্যাব-৭ এর একটি দল। চাঁদপুরে দুটি কারখানা সিলগালা অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে চাঁদপুরে চানাচুর ও মরিচের কারখানাসহ গুদাম সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই কারণে আরেকটি বেকারিকে অর্থদণ্ড করা হয়েছে। র‌্যাব জানায়, রোববার দুপুরে শহরের পুরানবাজার এলাকায় 'মীম চানাচুর' এবং মরিচের গুড়া তৈরির 'বাংলাদেশ অটো মিল' কারখানা ও দুটি প্রতিষ্ঠানের গুদাম সিলগালা করে দেওয়া হয়। এসময় 'বাংলাদেশ অটো মিল' এর গুদাম থেকে উদ্ধার হওয়া নষ্ট ৪৭ বস্তা মরিচ নদীতে ফেলা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম জানান, মিম চানাচুর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করায় মালিক জসীম উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা এবং কারখানা ও গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। রয়েজ রোডের 'বাংলাদেশ আটা মিল'-এ মালিকপক্ষের কাউকে না পেয়ে কারখানা ও গুদাম সিলগালা করা হয়েছে। একই এলাকার 'কোহিনূর বেকারি'-তে অস্বাস্থ্যকর পরিবেশে 'পাঁচতারা লাচ্ছা সেমাই' তৈরি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান আমিনুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমইউএস/এমআই/২০৪০ ঘ.