গাজীপুর/ময়মনসিংহ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক মেরামতের দাবিতে বাস চলাচল বন্ধ থাকায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর প্রভাব পড়েছে গাজীপুর হয়ে উত্তরাঞ্চলে চলাচলেও। যাত্রীরা কয়েকগুণ বেশি ভাড়ায় বিকল্প পথ ও পরিবহনে গন্তব্যে যাচ্ছেন।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগ দাবি করেছে, সড়কের সংস্কার কাজ কিছুদিন আগেই করে দেওয়া হয়েছে। তবে পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, এ রাস্তায় গাড়ি চালানো সম্ভব নয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মেরামতের দাবিতে ১২টি রুটের পরিবহন মালিকরা গত বুধবার থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। একই দাবিতে শুক্রবার থেকে উত্তরাঞ্চলের বাস চলাচলও বন্ধ করে দেয় পরিবহন মালিকরা। মহাসড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতা ও গর্ত সৃষ্টি হওয়ায় তা ঠিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মহাখালীভিত্তিক পরিবহন মালিক সংগঠনের অন্যতম নেতা ওসমান আলী।
শনিবার তিনি সাংবাদিকদের বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও মহাসড়ক কতর্ৃৃপক্ষ সড়ক মেরামতের প্রতিশ্র"তি দিয়েও তা কার্যকর করেনি। সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে ইট-বালি ফেলে সংস্কার কাজ করলেও বড় বাস চলাচলের উপযোগী হয়নি।
মালিক সমিতির হিসাবে, রাজধানীর মহাখালী থেকে এই ১২ রুটে প্রতিদিন ৩০০ বাস চলে, যাতে প্রায় ২৫ হাজার যাত্রী যাতায়াত করে।
শনিবার বোর্ড বাজার থেকে কিছু বাস চলাচল করলেও বোর্ড বাজার থেকে যাত্রীদের হিউম্যান হলারে কিংবা হেঁটে চান্দনা চৌরাস্তায় আসতে দেখা যায়। গন্তব্যে পৌঁছার বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের।
চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ-জামালপুর-নেত্রকোনো-কিশোরগঞ্জ-উত্তরাঞ্চলের দিকে সীমিত সংখ্যক বাস চলাচল করলেও সেগুলোতে ছিলো প্রচণ্ড ভিড়। ভাড়াও কয়েকগুণ বেশি। তারপরেও অনেক যাত্রী বাসে উঠতে না পেরে পরবর্তী বাসের জন্য ঘণ্টার ঘণ্টা অপেক্ষা করছেন সড়কে।
তবে মহাসড়কে পণ্যবাহী ট্রাকের সংখ্যাধিক্য লক্ষ্য করা গেছে।
গাজীপুরে অভ্যন্তরীণ রুটের বলাকা সার্ভিস ও গাজীপুর পরিবহনসহ কয়েকটি কাউন্টার সার্ভিসের বাস গাজীপুর থেকে ঢাকায় চলাচল করেছে শনিবার। তবে বাসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়।
মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম শনিবার সাংবাদিকদের জানান, গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচলের উপযোগী নয়। এ অবস্থায় সওজ রাস্তায় ইট ফেলায় গাড়ি চলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
"বুধবার ইঞ্জিনে পানি ঢুকে মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকার আশে-পাশে পাঁচটি ও মাওনা এলাকায় ১৫-১৬টি বাসের ইঞ্জিন নষ্ট হয়েছে। শুধু তাই নয়, এসব রাস্তায় ধীর গতিতে চলতে গিয়ে যানজট হচ্ছে, জ্বালানি খরচও বেশি হচ্ছে।"
এসব কারণে মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ (আংিশক) ও নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের ১২টি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান কালাম।
গাজীপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. ফজলে রাব্বি সাংবাদিকদের জানান, শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা ও উল্কা সিনেমা হলের পাশে ইট বালি ফেলে সাময়িকভাবে বাস চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, "বর্ষার মধ্যে বিটুমিন ব্যবহার করে স্থায়ী সংস্কার করা যাচ্ছে না। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত না করলে মহাসড়ক কোনোভাবেই ঠিক রাখা যাবে না।"
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি গাজীপুর শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান রাসেল সরকার বলেন, মহাখালী থেকে গাজীপুর হয়ে বাস বন্ধ থাকায় অন্য রুটের কিছু বাস তিনগুণ ভাড়ায় উত্তরাঞ্চলে চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, গাজীপুরে সড়ক খারাপ থাকায় টঙ্গী-বাইপাইল সড়কে চাপ বেড়েছে। এরমধ্যে জামগড়া বাসস্ট্যান্ড, ইউনিক স্ট্যান্ডে গর্ত সৃষ্টি হওয়ায় ওই সড়কে ৩ থেকে ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
এদিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন সুপারিন্টেন্ড আবুল কালাম আজাদ এর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সড়ক পথ বন্ধ থাকায় গত দুইদিন সাধারণ সময়ের চেয়ে প্রায় তিনগুণ বেশি টিকেট বিক্রি হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ সড়ক সংস্কারের দাবিতে শনিবার ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে শহরের কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
একই দাবিতে রোববার বিকেলে শহরের প্রধান সড়কের ফিরোজ-জাহাঙ্গীর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম বলেন, দাবি আদায়ে তারা প্রয়োজনে কঠোর কর্মসূচি দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২২৩৫ ঘ.
bdnews24