রাজশাহী, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরে ইন্ধনের অভিযোগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) সাধারণ সম্পাদক পদ থেকে ডা. মহিবুল হাসানকে থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী জেলা সাধারণ সম্পাদককের পদ থেকেও তাকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে রামেকের একাডেমিক কাউন্সিল ও হাসপাতাল পরিচালনা পরিষদকে সুপারিশ করার সিদ্ধান্ত হয়।
শুক্রবার রাতে রামেক হাসপাতালের সভাকক্ষে স্বাচিপ এবং বিএমএ'র যৌথ সভায় এই সিদ্ধান্ত হয় বলে সভার সভাপতি স্বাচিপ রামেক শাখার সভাপতি ও ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস.আর তরফদার জানান।
তিনি সাংবাদিকদের জানান, এক লাখ টাকা চাঁদার দাবিতে বৃহস্পতিবার রাতে নগরীর মাইক্রোপ্যাথ নামের একটি ক্লিনিকে ডা. মহিবুলকে যুবলীগ নেতারা লাঞ্ছিত করেন। এ ঘটনায় মুহিবুলের সমর্থকরা রাজপাড়া থানা যুবলীগের কার্যালয়ে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর এবং রামেক পিংকু হোস্টেলে অগ্নিসংযোগ করে।
এ ঘটনার পরদিন রামেক প্রশাসন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সাইফুদ্দিনকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
ওই ঘটনায় শুক্রবার রাতে দুটি মামলা হয়েছে। ডা. মহিবুলসহ ৭৬ জনকে আসামি করে মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন মহানগর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সামাউন।
মেডিক্যাল কলেজ হোস্টেলে ভাংচুরের ঘটনায় ৩৯ জনের নামে অপর মামলাটি করেন কলেজের ছাত্রলীগ কর্মী ও ৪৯তম ব্যাচের ছাত্র মাহাবুব হোসেন।
স্বাচিপ ও বিএমএ থেকে বহিষ্কার বিষয়ে ডা. মহিবুল বলেন, প্রকৃতপক্ষে রামেক শাখা স্বাচিপ ও বিএমএ রাজশাহী শাখার নির্বাহী কমিটির কোনো সভা হয়নি। কেননা বিএমএ রাজশাহী শাখার ভারপ্রাপ্ত সভাপতি অষ্ট্রেলিয়ায় অবস্থান করছেন। কার আহ্বানে তারা সভা করেছেন তাও বোধগম্য নয়। যারা সভা করেছেন তারা কেউ রামেক শাখা স্বাচিপের সাধারণ সদস্যও নন। সুতরাং স্বাচিপ ও বিএমএ'র নামে আমাকে বহিষ্কারের দাবিটি হাস্যকর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/২১২৯ ঘ.
bdnews24