পাবনা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা উপজেলায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩০ জন।
আতাইকুলার গাঙ্গুহাটি এলাকায় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পাবনা সদরের কেসমত প্রতাপপুরের আজিজুল (৬০), লুৎফর রহমান (৪০) ও শরিফুল (৪০)।
আহতদের মধ্যে ১০ জনকে আতাইকুলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবনা থেকে শাহজাদপুরগামী বাসটি প্রবল বৃষ্টির মধ্যে গাঙ্গুহাটি ক্লাবের কাছে একটি অটোরিকশাকে 'সাইড' দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়।
ঘটনার পর স্থানীয় জনতা ডোবায় নেমে আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। আধঘণ্টা পর আতাইকুলা ও সাঁথিয়া থানা পুলিশ এবং ঘন্টাখানেক পর পাবনা থেকে আসা ফায়ার ব্রিগেড কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।
সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার হয় বলে জানান ওসি।
দুর্ঘটনার খবর পেয়ে পাবনার সাংসদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক সরকার ঘটনাস্থলে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর জনতা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ফায়ার ব্রিগেডের বিরুদ্ধে উদ্ধার কাজে গাফিলতির অভিযোগ আনে তারা।
প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে শনিবার রাতে বাসটি তুলতে পারেনি ফায়ার ব্রিগেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/সিএস/পিডি/২৩২৩ ঘ.
bdnews24