ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনির ও চলচ্চিত্রকার তারেক মাসুদসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন।
অধিদপ্তরের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমানকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধিদপ্তরের কারিগরি বিভাগের (সড়ক নিরাপত্তা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল হক ও মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান।
প্রধান প্রকৌশলী শাহাবুদ্দীন বলেন, "কমিটি আজ থেকেই কাজ শুরু করছে। কমিটির একজন সদস্য ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন গিয়েছেন। তবে পুরো তদন্ত কমিটি আগামীকাল ঘটনাস্থলে যাবে।"
দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি জানান, ঘটনাস্থলে 'ওভারটেক' নিষিদ্ধ লেখা সাইনবোর্ড রয়েছে। এরপরও মিশুক মুনীর ও তারেক মাসুদকে বহনকারী মাইক্রোবাসটি একটি বাসকে ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।
তবে তদন্তের পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ওই দুর্ঘটনায় তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭২৪ ঘ.
bdnews24