২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোফাইল আশফাক মুনীর মিশুক

ক্যামেরা 'ডিরেক্টর' হিসেবে কাজ করে যে বাংলাদেশিরা আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন, তাদের মধ্যে আশফাক (মিশুক) মুনীর ছিলেন অন্যতম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যামেরা 'ডিরেক্টর' হিসেবে কাজ করে যে বাংলাদেশিরা আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন, তাদের মধ্যে আশফাক (মিশুক) মুনীর ছিলেন অন্যতম। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। সবার কাছে মিশুক মুনীর নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যক্তিমালিকানাধীন টেরিস্ট্রেরিয়াল টেলিভিশন একুশে টিভিতে হেড অব নিউজ অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন মিশুক মুনীর। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতাও করেছেন তিনি। সর্বশেষ গত বছর তিনি এটিএন নিউজে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন। এর আগে কানাডার রিয়েল টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট অপারেশন্স হিসেবে দীর্ঘ আট বছর কাজ করেন তিনি। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদের ছবি রানওয়ের প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন মিশুক। এছাড়াও 'রিটার্ন টু কান্দাহার', 'ওয়ার্ডস অব ফ্রিডম' প্রামাণ্যচিত্রগুলোতেও কাজ করেছেন তিনি। ১৩ অগাস্ট তারেক মাসুদের নতুন চলচ্চিত্র 'কাগজের ফুল' এর জন্য লোকেশন দেখে মানিকগঞ্জ থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন মিশুক মুনীর। ওই দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদসহ ৫ জন। ১৯৫৯ সালে জন্মগ্রহণকারী মিশুক মুনীরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/আরএ/১৭০৬ ঘ.