২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ কন্সটেবলকে মারধর করায় একজন গ্রেপ্তার

কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মেরে গুরুতর আহত করেছে এক প্রাইভেট কারের মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 07:45 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মেরে গুরুতর আহত করেছে এক প্রাইভেট কারের মালিক। শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় এক ঘটনা ঘটে। আহত কনস্টেবল নজরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি ওই প্রাইভেট কারের মালিক মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে দুই নম্বর গেট এলাকায় রাস্তার উপর একটি কর্ভাড ভ্যান বিকল হলে যানজটের সৃষ্টি হয়। "ওই কভার্ড ভ্যানের সঙ্গে মশিউর রহমানের গাড়ির ধাক্কা লাগলে চালকের আসনে থাকা মশিউর গাড়ি থেকে নেমে কভার্ড ভ্যানের চালককে মারধর করেন।' এ সময় দায়িত্বরত কনস্টেবল নজরুল ইসলাম তাকে থামাতে গেলে মশিউর দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তাকে গালাগালি করেন। সাংবাদিক পরিচয় দিয়ে মশিউর নজরুলের ছবিও তোলেন। "কথা কাটাকাটির এক পর্যায়ে মশিউর গাড়িতে থাকা কাঁটাচামচ দিয়ে নজরুলের বুকে, পিঠে ও উরুতে আঘাত করেন।" এরপর পথচারীরা মশিউর রহমানকে ধরে পুলিশে সোপর্দ করে বলে আব্দুল মান্নান জানান । তিনি বলেন, "এ ঘটনায় মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।" চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল তিলক পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/জেকে/০১৪১ ঘ.