২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট কার আমদানি বন্ধের দাবি

রাজধানীর যানজট নিরসনে প্রাইভেট কার আমদানি বন্ধের পাশাপাশি বাস নির্ভর গণপরিবহণ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন একটি গোলটেবিল বৈঠকের আলোচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে প্রাইভেট কার আমদানি বন্ধের পাশাপাশি বাস নির্ভর গণপরিবহণ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন একটি গোলটেবিল বৈঠকের আলোচকরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'জনদুর্ভোগ হ্রাসে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা দ্রুত 'বাস র‌্যাপিড ট্রানজিট' (বিআরটি) চালুর দাবি জানান। পরিবেশবাদী সংগঠন ডব্লিউবিবি ট্রাস্ট ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। ঢাকার যানজটকে 'প্রাইভেট কার জট' হিসেবে উল্লেখ করে পরিকল্পনাবিদ নিয়াজ রহমান বলেন, "প্রাইভেট কার নিয়ন্ত্রণ না করে যানজট নিরসনেন কোনো উদ্যোগই কাজে আসবে না। উত্তরা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েও এখানে কার্যকর কোনো ভূমিকা রাখবে না।" তিনি বলেন, ঢাকার যাতায়াত ব্যবস্থার উন্নতি এবং অধিকসংখ্যক মানুষের সুলভ যতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড প্রণীত স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লানে (এসটিপি) বিআরটির অগ্রাধিকার থাকলেও তা মানা হয়নি। ঢাকায় 'গণপরিবহন ব্যবস্থা' বলতে কিছু নেই মন্তব্য করে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. সারওয়ার জাহান বলেন, "গণপরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া এই অসহায় অবস্থা থেকে উত্তরণের পথ নেই। এছাড়া যানজট সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রাইভেট কার নিয়ন্ত্রণেরও বিকল্প নেই।" বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক সচিব মনোয়ার হোসেন দাবি করেন, রাস্তায় চলাচলকারী মোট প্রাইভেট কারের এক তৃতীয়াংশই সরকারি। তিনি বলেন, "সরকারি প্রত্যেক প্রকল্পের জন্য গাড়ি কেনার প্রবণতা রয়েছে। আর সেগুলো ঢাকাতেই বেশি ব্যবহার করা হয়।" উদাহরণ হিসেবে তিনি বলেন, বিআইডব্লিউটিএর মোট ৬৫টি গাড়ির মধ্যে ঢাকায় সদর দপ্তরে ৬১টি এবং ৪টি দেশের বিভিন্ন জায়গায় দেওয়া আছে। অথচ সার্বিক কর্মকাণ্ডে সদরদপ্তরের ভূমিকা খুবই নগণ্য। সাংবাদিক ও লেখক কামাল লোহানী বলেন, 'গণ' বলে কোনো কিছু এখন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান যানজট পরিস্থিতি 'সমস্যা' নয় 'বিপদ'- মন্তব্য করে সরকারের উদ্দেশে তিনি বলেন, "এক মাস প্রাইভেট কার বন্ধ করে দেখুন না, কি ফলাফল আসে।" বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান যানজট নিরসনে সরকারের আন্তরিকতা নিয়েই প্রশ্ন তোলেন। "এ পর্যন্ত যতগুলো সরকার এসছে তারা সবাই ভিআইপি সরকার। কারণ তারা যা-ই করেন তার সবই ভিআইপিদের জন্য।" প্রাইভেট কার আমদানি নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। সভায় বক্তারা ঢাকার উত্তর থেকে দক্ষিণের রেলপথকে নগর পরিবহণের কাজে ব্যবহারের পাশাপাশি রেল, নৌ ও সড়ক যোগাযোগের কার্যকর সমন্বয় এবং বিআরটিসিকে আরো কার্যকর করার আহ্বান জানান। পবার সভাপতি আবু নাসের খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক সৈয়দ মাহাবুবুল আলম ও সাংসদ মজিবুল হক চুন্নু গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/জেকে/২২২৯ ঘ.