গোপালগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে শহরের মডেল স্কুল রোডে ফিরোজা আলীর বাড়িতে বৃহস্পতিবার রাতে হঠাৎ ভিড় জমে যায়। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলো নাইট কুইন। ফিরোজার টবের গাছে একসঙ্গে ফোটা ৩৮টি ফুল বিমোহিত করলো সবাইকে।
ফুল ফোটার সঙ্গে সঙ্গে সুগন্ধ ছড়িয়ে পড়ায় প্রতিবেশীরা ছুটে আসে ফিরোজার বাড়িতে। খবর পেয়ে ওই বাড়িতে যান শহরের মানুষ। রাতভর ফুলের শোভা দেখার পাশাপাশি ছবিও তুলতে অনেককে ব্যস্ত দেখা যায়।
প্রস্ফুটিত নাইট কুইন, তাও আবার একসঙ্গে ৩৮টি- আগে দেখেননি বলেও জানালেন বেশিরভাগ ফুলপ্রেমী।
ফিরোজা সাংবাদিকদের বলেন, ২০০৪ সালে বান্দরবান সেনানিবাস থেকে নাইট কুইনের একটি চারা এনে বাড়ির ছাদে টবে রোপণ করেন তিনি। এক বছরের মাথায় গাছে ফুল ফুটতে শুরু করে। পরে তিনি গাছের সংখ্যা বাড়ান।
বৃহস্পতিবার রাতে চারটি গাছে ৩৮টি ফুল ফোটে। এর আগে একসঙ্গে এত ফুল ফোটেনি বলে জানান ফিরোজা।
সাধারণত মে থেকে নভেম্বর মাস পর্যন্ত নাইট কুইন ফুল ফোটে। মার্চের শুরুতে গাছের গোড়ার মাটি পরিবর্তন করতে হয়। সে সময় অর্ধেক মাটি, অর্ধেক গোবর সার, টিএসপি ও ইউরিয়া সার দিয়ে গোড়ার মাটি প্রস্তুত করতে হয়। তারপর সারা বছরই গাছের পরিচর্যা করতে হয়।
ফিরোজা বলেন, "সন্ধ্যায় এ ফুল ফুটতে শুরু করে। মাঝরাতে ফুল পুরোপুরি ফোটে। শেষ রাতের দিকে ফুল বুঁজতে শুরু করে। সকালে আর এ ফুল দেখা যায় না। বলতে পারেন, এক রাতের জীবন নাইট কুইনের।"
ফিরোজা নিজের বাগানে নাইট কুইনের চারা বাড়ানোর পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাসায়ও তা দিচ্ছেন।
শহরের হাজি লাল মিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের জীব বিজ্ঞানের প্রভাষক শেখ মহুয়া সাংবাদিকদের বলেন, নাইট কুইনের বৈজ্ঞানিক নাম সেলেনিসোরাস গ্র্যান্ডিফ্লোরাস। দক্ষিণ ও মধ্য আমেরিকা এর উৎপত্তিস্থল।
এ ফুল দিয়ে হৃদরোগের ওষুধ তৈরি করা হয় বলেও জানান মহুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫০৪ ঘ.
bdnews24