সাতক্ষীরা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা আট দিনের বৃষ্টি এবং কপোতাক্ষ ও বেতনা নদীর উপচে পড়া পানিতে সাতক্ষীরা শহরসহ পাঁচটি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে অন্তত পাঁচ হাজার গৃহহীন পরিবার।
ইতিমধ্যেই সাতক্ষীরা শহরের ৪১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর, বিসিক শিল্পনগরী, বিদ্যুৎ সাবস্টেশন, সদর উপজেলা পরিষদ, কাস্টমস গুদাম, সুন্দরবন টেক্সটাইল মিলস ও জেলা কারাগার চত্বর পানিতে তলিয়ে গেছে।
তালা উপজেলায় কপোতাক্ষ নদের হরিষচন্দ্রকাটি থেকে ঘোষনগর পর্যন্ত চার কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের বাঁধের চারটি পয়েন্ট ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। বিনেরপোতা এলাকায় সাতক্ষীরা-খুলনা সড়কের ওপর দিয়ে পানি বইছে।
এছাড়াও ভেসে গেছে ছোট-বড় ৩০ হাজার চিংড়ির ঘের। তলিয়ে গেছে ৫০ হাজার একর বিভিন্ন ধরনের ফসলের জমি।
সাতক্ষীরার তালা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) তথ্যানুযায়ী, উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, তেতুঁলিয়া, তালা সদর, ইসলামকাটি, মাগুরা, খলিষখালী, জালালপুর, খেশরা ও খলিলনগর ইউনিয়নে শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামে দেড় লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে খলিলনগর ইউনিয়নের ঘোষনগর লোকনাথ মন্দির, ঘোষনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষনগর বালিকা বিদ্যালয়সহ ১২টি ইউনিয়নে ২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে অন্তত দুই হাজার পরিবার আশ্রয় নিয়েছে।
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর বালিকা বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সরেজমিনে দেখতে গেলে সেখানে আশ্রয় নেওয়া অর্ধশতাধিক গৃহহীন মানুষ তাদের দুর্দশার কথা জানান।
ঘোষনগরের বাসিন্দা কার্তিক দাশ বলেন, "রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। ভোররাতে আমাদের বাড়ি পানিতে তলিয়ে যায়। এখন এখানে আশ্রয় নিয়েছি।"
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা, বল্লি, লাবসা, ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংড়ি, ঘোনা, আলীপুর ইউপি ও সাতক্ষীরা পৌরসভার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার দেড় লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
ঝাউডাঙ্গা বালিকা বিদ্যালয়, হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আখড়াখোলা বাজারের উচুঁ জায়গায় এবং দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে প্রায় এক হাজার পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া শহরের অদূরে বিনেরপোতা উচুঁ সড়কের পাশে খুপড়ি ঘর তৈরি করে আশ্রয় নিয়েছে মানুষ।
কলারোয়া উপজেলার দেয়াড়া, জয়নগর, যুগীখালি, কয়লা, লাঙ্গলঝাড়া, জালালাবাদ ইউনিয়ন ও কলারোয়া পৌরসভার অর্ধ শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। এখানে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ।
আশাশুনি উপজেলার আশাশুনি সদর, শ্রীউল্লা, বড়দল ইউনিয়নের ১০টি গ্রাম তলিয়ে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক আবদুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কপোতাক্ষ নদ ও বেতনা নদী পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে না। ফলে গত আট দিনের বৃষ্টিতে চারটি উপজেলার অধিকাংশ গ্রাম পানিতে কম বেশি তলিয়ে গেছে।"
তিনি জানান, ইতিমধ্যে ত্রাণ ও নগদ টাকা চেয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে জরুরী ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। এছাড়া কপোতাক্ষ ও বেতনা পলি অপসরণ, স্লুইস গেট, বাঁধ অপসারণ, নদীর সংযোগ খাল পুনঃখননের জন্য ৩৯৭ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর ফ্যাক্স পাঠানো হয়েছে।
জেলা ত্রাণ শাখার দায়িত্বে নিয়োজিত হাকিম শোয়েব শিকদার জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ইতোমধ্যে ১৯৯ মেট্রিক টন চাল, ১ লাখ ৯০ হাজার টাকা ও ৫০ পিস তেরপল দেওয়া হয়েছে। এছাড়াও নতুন চাহিদা পত্রে ১ হাজার মেট্রিক টন চাল, ১০ লক্ষ টাকা ও ৫০০ পিছ তেরপল চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গেও গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাত হচ্ছে। এখনও দক্ষিণ ও উত্তর চব্বিশপরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণ অব্যাহত আছে। ফলে ভারতের নদীগুলো পানির চাপও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩২০ ঘ.
bdnews24