ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিরাজগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাঁতপল্লী এখন সরগরম। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নানা ধরনের শাড়ি তৈরির কাজ করছে শ্রমিকরা। তবে তাঁত উপকরণের দাম ও লোডশেডিং বেড়ে যাওয়ায় এ শিল্পের মালিক ও শ্রমিকরা কিছুটা সমস্যায় রয়েছে।
সিরাজগঞ্জ অনেক আগে থেকেই তাঁত সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। বিশেষ করে জেলার শাহজাদপুর, বেলকুচি ও উল্লাপাড়া উপজেলার উৎপাদিত বাহারী সব শাড়ির সুনাম দেশ-বিদেশে। তাঁতপল্লী এখন ক্রেতা-বিক্রেতা আর শ্রমিকদের পদচারণায় মুখর।
জেলার বিভিন্ন তাঁত এলাকা ঘুরে দেখা যায়, মাকুর টানে যেন এক-একটা তাঁতপল্লী নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে। তাঁত মালিকদের দম ফেলার ফুরসত নেই। সারা বছরের খরা কাটিয়ে লাভের মুখ দেখার এটাই ভালো সময় বলে জানালেন অনেকে।
তাঁত নিয়ে সুখ-দুঃখের কথা বললেন বংশ পরম্পরায় টিকে থাকা অনেক তাঁতি। ঈদের পাশাপাশি সামনের পূজার সময়কেও মাথায় রাখছেন তারা। তখন দেশের মতো ভারতের ক্রেতারাও ভিড় জমায় এখানকার তাঁতপল্লীগুলোতে।
বেলকুচি উপজেলার মুকন্দগাতি এলাকার তাঁতী শমসের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে তাঁত পল্লীগুলোতে ১৮০০ থেকে ১৮ হাজার টাকা দামের বাহারী সব শাড়ি তৈরি হচ্ছে। বিশেষ করে কটন, কাতোয়াল, জুটনেট, উপেরা কটন, উপেরা সিল্ক, উপেরা কাতোয়ালের কদর সবচেয়ে বেশি।
তিনি জানান, কারখানাগুলোতে আগের যে কোনো সময়ের চেয়ে এখন কাজ বেড়েছে কয়েকগুণ। বাড়তি আয়ের আশায় অন্যান্য জেলার শ্রমিকরাও এখানে এসে কাজ করছে। ঈদ বোনাস না পেলেও বাড়তি আয়ে এদের অনেকেই খুশি।
ঈদের পরেই শুরু হবে পূজার কাজ। এ শ্রমিকরাই সেই কাজ করবেন। তখন ভারত থেকে প্রচুর ক্রেতা সরাসরি এসে এখান থেকে কাপড় নেবে বলে জানালেন তাঁতি শমসের আলী।
প্রান্তিক তাঁতী উল্লাপাড়া বালসাবাড়ি এলাকার রহমত আলী জানান, সুতার দাম বেড়ে যাওয়ায় দেনার দায়ে অনেক প্রান্তিক তাঁতী নিজেদের তাঁত বিক্রি করে দিয়েছে।
রহমত জানান, তার মতো অনেকে বাধ্য হয়েই তাই অন্যের কারখানায় করছে। কেউ কেউ আবার দাদন নিয়ে এ ব্যবসায় টিকে থাকার চেষ্টা করছে বলে জানান তিনি।
প্রান্তিক তাঁতী শাহজাদপুর উপজেলার জগতলা গ্রামের ঈমান আলী জানান, তাদের অল্প তাঁতে আয়ও কম। উৎপাদিত শাড়ি মহাজনদের কাছে বাকিতে বিক্রি করতে হয়। সঠিক সময়ে টাকা না দেওয়ায় দুঃশ্চিন্তায় পড়েছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১০৩০ ঘ.
bdnews24