ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের আইনজীবী এম ইউ আহম্মেদকে 'অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে' গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এই আইনজীবীকে দেখে আসার পর এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা এই অভিযোগ করেন।
তিনি বলেন, 'পুলিশি নির্যাতনে' অ্যাডভোকেট আহম্মেদের কোনো ক্ষতি হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।
বিএনপি সমর্থক এই আইনজীবীকে হাইকোর্টে হট্টগোলের মামলায় বৃহস্পতিবার ভোরে সেগুনবাগিচার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
পুলিশ বলছে, আহম্মেদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অবশ্য পরিবারের দাবি, তাকে সুস্থ অবস্থাতেই গ্রেপ্তার করা হয়েছিলো।
অ্যাডভোকেট আহম্মেদকে দেখতে বৃহস্পতিবার রাতে জাতীয় হদরোগ ইন্সটিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি চিকিৎসকদের কাছ থেকে অসুস্থ আইনজীবীর অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তার স্ত্রী সেলিমা আহম্মেদের সঙ্গে কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, চেয়াপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া সেখানে উপস্থিত ছিলেন।
রাতে দলীয় প্যাডে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বিবৃতিতে খালেদা জিয়া অভিযোগ করেন, "এম ইউ আহম্মেদকে সম্পূর্ণ অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা বলছেন, গ্রেপ্তারের পর ডিবি অফিসে তাকে চার ঘণ্টা আটক রাখা হয়। সেখানে তার ওপর নির্যাতন চলে। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।"
বিএনপি চেয়ারপারসন বলেন, "সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করছে। তারা র্যাব ও পুলিশ বাহিনীকে দলের অঙ্গসংগঠনের মতো ব্যবহার করার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশের বুদ্ধিজীবী, আইনজীবীসহ কোনো পেশার মানুষের জীবনে আজ কোনো নিরাপত্তা নেই।"
খালেদা জিয়া এম ইউ আহম্মেদের আশু আরোগ্য কামনা করেন।
ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) কর্তব্যরত চিকিৎসক সঞ্জীব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনজীবী আহম্মেদের বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২২০২ ঘ.
bdnews24