বাগেরহাট, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে কর্তন নিষিদ্ধ ৩৮ টুকরা সুন্দরী গাছসহ দুজনকে আটক করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, বুধবার গভীর রাতে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের ট্রাকচালক জাহিদ মোল্লা (২৬) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের ট্রাকের সহকারী শিমুল হাওলাদার (১৫)।
বাগেরহাট গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: ইমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকভর্তি সুন্দরী গাছের ৩৮টি টুকরা সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। এসব টুকরা ৮ থেকে ১৬ ফুট দৈর্ঘ্যরে।
আটককৃতদের বরাত দিয়ে এসআই জানান, মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের পল্টু শেখ নামে এক চোরাকারবারী এসব কাঠ ট্রাকযোগে মাদারীপুরের টেকেরহাট নিয়ে যাচ্ছিলেন।
এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বন আইনে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই ইমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯০০ ঘ.
bdnews24