২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে হাজিরে বিস্ফোরক মামলায়ও গণবিজ্ঞপ্তির নির্দেশ

বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিষ্ফোরক আইনের মামলায়ও তারেক রহমানসহ পলাতক ১২ আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিষ্ফোরক আইনের মামলায়ও তারেক রহমানসহ পলাতক ১২ আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে বলেছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। প্রকাশিত বিজ্ঞপ্তির অনুলিপি ২৫ অগাস্ট আদালতে দাখিল করতে বলেছেন তিনি। ওই হামলার ঘটনায় দায়ের হত্যা মামলায়ও তারেকসহ ১২ আসামির বিষয়ে একই নির্দেশ দিয়েছিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। সেই আদেশের ভিত্তিতে প্রকাশিত বিজ্ঞপ্তির অনুলিপি ১৬ অগাস্ট আদালতে দাখিলের দিন ধার্য রয়েছে। এদিকে বিস্ফোরক আইনের মামলায় হরকাতুল জিহাদ নেতা মাওলানা আবু তাহের, মাওলানা শওকত হোসেন ওরফে শেখ ফরিদ এবং লস্কর-ই তাইয়্যেবার সদস্য ভারতীয় নাগরিক আবদুল মাজেদ ভাটের পক্ষে বৃহস্পতিবার জামিন চাওয়া হলে মহানগর দায়রা জজ তা নামঞ্জুর করে। গ্রেনেড হামলার ঘটনায় গত ৩ জুলাই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকসহ নতুন ৩০ জনকে আসামি করা হয়। এ মামলায় আসামির তালিকায় খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফও রয়েছেন। আসামিদের মধ্যে তারেকসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ১৪ জুলাই। বুধবার পুলিশের পরোয়ানা তামিল প্রতিবেদনে জানানো হয়, আসামিদের খুঁজে পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতে ফৌজদারি আইন অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেয় আদালত। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলার ঘটনায় দলটির কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' লোক আহত হয়। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়। আওয়ামী লীগ বলে আসছে, তারেক রহমানই ছিলেন ওই হামলার মূল পরিকল্পনাকারী। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় ফাঁসানো হচ্ছে। এক ডজনেরও বেশি মামলার আসামি বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক তত্ত্বাবধায়ক সরকার আমলে জামিনে মুক্তির পর লন্ডনে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭৪২ ঘ.