২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

বরিশালে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

বরিশাল, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের আলীর গলি এলাকায় কেরানি বাড়ির সামনের একটি নালা থেকে সনিয়া আক্তারের (১৫) লাশ উদ্ধার করা হয়। সনিয়া ওই গলিরই বাসিন্দা আবাসিক হোটেলের কর্মচারী হারুন মিয়ার মেয়ে। আগামী বছর বরিশাল মমতাজ মজিদুন্নেছা বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। হত্যায় জড়িত সন্দেহে নগরীর বাজার রোডের হক মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী রাশেদ (২৫), শাহিন (২৮) ও আনোয়ারকে (২৫) আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান। সনিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জানিয়ে থানায় রাশেদ সাংবাদিকদের বলেন, "রাতে সনিয়াকে নিয়ে আমি একই এলাকায় শাহিনের বাসায় যাই। সেখানে আমি ও শাহিন সনিয়াকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ নালায় ফেলে দিই।" স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবিরের স্ত্রী মনি বেগম সাংবাদিকদের জানান, তিনি সকালে পানি ফেলতে গিয়ে ড্রেনের মধ্যে সনিয়ার লাশ দেখতে পান। পরে তার চিৎকারে এলাকার লোকজন এসে পুলিশে খবর দেয়। সনিয়ার বাবা হারুন মিয়া জানান, বুধবার রাত ৯টার দিকে নগরীর সাগরগল্লির ফুপুর বাসায় যাওয়ার কথা বলে সনিয়া বাসা থেকে বের হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩৩ ঘ.