গাইবান্ধা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোজাফফর আহম্মেদের (৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম সাংবাদিকদের জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়। নিহতের মাথার পিছনে, বাম পায়ের হাঁটুতে, বাম হাতের কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে।
ওসি জানান, মোজাফফর প্রতিদিনই বিকালে বের হয়ে গভীর রাতে বাড়ি ফিরতেন। তার ছোট ছেলে মো. সাথী আহম্মেদ বৃহস্পতিবার প্রথম প্রহরে স্কুলের পুকুরে মাছ দেখতে এসে লাশ দেখে। ছেলের চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ সনাক্ত করে।
পুকুরটি মোজাফফর স্কুলের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করতেন বলে জানান ওসি।
এ ব্যাপারে এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫৩ ঘ.
bdnews24