২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হট্টগোলের মামলায় পাপিয়ার জামিন আবেদন নাকচ

দুটি মামলায় জামিন হলেও আদালতে হট্টগোলের মামলায় আবেদন নাকচ হওয়ায় কারাগারেই থাকতে হচ্ছে বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি মামলায় জামিন হলেও আদালতে হট্টগোলের মামলায় আবেদন নাকচ হওয়ায় কারাগারেই থাকতে হচ্ছে বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াকে। আদালতে হট্টগোলের মামলায় বৃহস্পতিবার দুপুরে পাপিয়ার জামিন আবেদন নাকচ করেন ঢাকার মহানগর হাকিম শাহাদাত হোসেন। এ মামলায় পাপিয়ার পাশাপাশি তার সঙ্গে গ্রেপ্তার অন্য দুই আইনজীবী তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজনের জামিন আবেদনও নাকচ হয়েছে। তবে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে চাইলেও তাতে আদালতের সায় মেলেনি। ২ অগাস্ট আদালতে হট্টগোলের পর তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় পাপিয়াসহ এ তিন জনকে। এর মধ্যে একটিতে সকালেই জামিন পান তারা। অন্যটিতে তাদের জামিন হয় গত ৮ অগাস্ট। এ দুটি মামলাই হরতালের সময় গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা। গত ২ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চে সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানি হয়। সেখানে খালেদা জিয়ার একই ধরনের উক্তির প্রসঙ্গে আদালত তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে ও হাতাহাতি হয়। এরপর পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। প্রথম মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ আনা হয়। তাতে পাপিয়া ও তৌহিদসহ বিএনপি সমর্থক ১৪ আইনজীবীর নাম উল্লেক করে অজ্ঞাত পরিচয়ের ৩-/৩২ জনকে আসামি করা হয়। ২ অগাস্ট আদালতে হট্টগোলের পরদিন পাপিয়ার সঙ্গে গ্রেপ্তার হলেও রাজনের নাম ওই মামলার আসামির তালিকায় ছিলো না। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার আরেক আসামি এম ইউ আহম্মেদকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১২৩০ ঘ.