২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারের পর আইনজীবী আহম্মেদ হাসপাতালে

হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি বিএনপি সমর্থক আরেক আইনজীবীকে গ্রেপ্তারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অবশ্য তার পরিবারের দাবি, তাকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 05:00 AM

Updated : 25 Apr 2022, 11:35 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি বিএনপি সমর্থক আরেক আইনজীবীকে গ্রেপ্তারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অবশ্য তার পরিবারের দাবি, তাকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিলো। হাইকোর্ট আইনজীবীদের জামিন আবেদন নাকচ করার পর বৃহস্পতিবার ভোররাতে এম ইউ আহম্মেদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ বিএনপি সমর্থক তিন আইনজীবী গ্রেপ্তার হলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে ১১৬ নম্বর ইস্টার্ন হোমস্ সেগুন বাগিচার বাসা থেকে এম ইউ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। গত ২ অগাস্ট আদালতে হট্টগোলের ঘটনায় যে দুটি মামলা হয়, তার প্রথমটির আসামি আহম্মেদ। এ মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগ আনা হয়েছে। একই মামলার দুই আসামি সংসদ সদস্য পাপিয়া ও আইনজীবী তৌহিদুল ইসলাম ৪ অগাস্ট গ্রেপ্তার হন। তারা এখন কারাগারে রয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর আহম্মেদকে গোয়েন্দা দপ্তরের হাজতে রাখা হয়। সেহরির সময় হওয়ায় অভিযানে অংশ নেওয়া সদস্যরা কার্যালয় ছেড়ে চলে গিয়েছিলেন। "ভোর সোয়া ৪টার দিকে ডিবি কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আমাকে ফোন করে জানান আহম্মেদের বুকে ব্যাথা উঠেছে।" তিনি জানান, এরপরই সেখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে দিয়ে আহম্মেদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) কর্তব্যরত চিকিৎসক সঞ্জীব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনজীবী আহম্মেদের বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহম্মেদের স্ত্রী সেলিনা আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ মাঝরাতে বাসার ছয়তলায় অভিযান চালায়। এ সময় আহম্মেদ না থাকলেও তারা বাসার জিনিসপত্র তছনছ করতে থাকেন। পরে ভবনের প্রতিটি ফ্লাটে তল্লাশি চালিয়ে চারতলার একটি বাসা থেকে আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আহম্মেদ পুরোপুরি সুস্থ ছিলেন দাবি করে তিনি বলেন, "গ্রেপ্তারের পর তিনি কীভাবে অসুস্থ হলেন এটাই আমার প্রশ্ন। আমার স্বামীর কখনোই হৃদরোগ ছিলো না। তবে অ্যাজমা রয়েছে, সেটাও তেমন গুরুতর নয়।" আহম্মেদকে নির্যাতন করা হয়েছে কিনা- তা তদন্তেরও দাবি জানান সেলিনা। আহম্মেদসহ অন্য আইনজীবীরা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলেও বুধবার তা খারিজ হয়। গত ২ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চে সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানি হয়। সেখানে খালেদা জিয়ার একই ধরনের উক্তির প্রসঙ্গে আদালত তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে ও হাতাহাতি হয়। এরপর পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। প্রথম মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ আনা হয়। এ মামলায় আসামিরা হলেন- পাপিয়া, কামরুল ইসলাম সজল, শরীফউদ্দিন আহমেদ, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, মাহমুদ আরেফিন স্বপন, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, এম ইউ আহম্মেদ, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম, গোলাম নবী, রেজোয়ান আহম্মেদ। ওই মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক এসএম জলিল পরে তাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে অন্য মামলাটি করেন। এ মামলার আসামিরা হলেন- মোহাম্মদ আলী, গোলাম মো. চৌধুরী, মির্জা আল মাহমুদ, মো. আশরাফুজ্জামান খান, এ বি এম অলিউর রহমান, মাহমুদ আরেফিন স্বপন, কামরুল ইসলাম সজল, এনামুল হোসেন গাফফার, আবদুল্লাহ আল মাহমুদ। এদের মধ্যে গোলাম মো. চৌধুরী ও অলিউর রহমান ছাড়া বাকি সাতজনই আদালতে হট্টগোলের মামলার আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/এএল/১৬৪৩ ঘ.