নারায়ণগঞ্জ, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জ শহরের অনেক স্থান তলিয়ে গেছে। পানি জমার কারণে কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বুধবার ভোরে হকাররা পত্রিকা আনতে রেলস্টেশনে গেলে দেখতে পায় প্রায় সব পত্রিকা ভিজে গেছে। এ নিয়ে হকারদের সঙ্গে পরিবহনকর্মীদের বচসা হয়। এদিন শহরের কোনো গ্রাহকের হাতে পত্রিকা পৌঁছেনি। অনেকে জেলা প্রেস ক্লাবে ফোন পত্রিকা না পাওয়ার কারণ জানতে চান।
সরেজমিনে দেখা যায়, শহরের আবাসিক এলাকা ডন চেম্বার, খানপুর, মিশনপাড়া, আমলাপাড়া, প্রেসিডেন্ট রোড, গলাচিপা, জামতলা, মাসদাইর, আল্লামা ইকাবাল রোড, উকিল পাড়া, নয়ামাটি, ভূইয়ারবাগ, বাবুরাইল, দেওভোগ, নিতাইগঞ্জ, তামাকপট্টি, টানবাজার প্রভৃতি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোন কোন এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে।
নারায়ণগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, পৌরসভা বিলুপ্ত হওয়ার পর ড্রেনগুলো আগের মতো পরিষ্কার করা হচ্ছে না। এ কারণে বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
আল্লামা ইকবাল রোডের বাসিন্দা কলেজ শিক্ষক শফিকুল ইসলাম জানান, সড়কের মসজিদ থেকে তোলারাম কলেজ পর্যন্ত হাঁটু পানি। রিকশা চালকরা এই সড়কে আসতে চায় না। আসলেও দ্বিগুণ ভাড়া দাবি করছে বলে জানান তিনি।
গলাচিপা এলাকার বাসিন্দা আব্দুল কাদির জানান, আগে গলাচিপা, গলাকাটা ও আল্লামা ইকবাল রোডের পানি নামত বোয়ালিয়া খাল দিয়ে। বোয়ালিয়া খাল বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেন করা হলেও কোনো কাজে আসছে না।
ঘরবাড়িতে পানি ও রাস্তা তলিয়ে যাওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে দেয়া হচ্ছে। নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএনডি বাধে জলাবদ্ধতা
ডিএনডি বাধের ভেতরে নিচু এলাকার কোথাও কোথাও এক থেকে তিন ফুট পানিতে তলিয়ে গেছে। আবার কোথাও কোথাও হাঁটু পানি জমেছে। এতে বাধের ভেতরে কয়েক লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। ডিএনডি থেকে দ্রুত পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছে।
সরেজমিনে দেখা গেছে, প্রবল বর্ষণে মিজমিজির পাইনাদী, সিআইখোলা, কালাহাতিয়ার পাড়, নতুন মহল্লা, মজিববাগ, রসুলবাগ, নয়াআটি, নিমাইকাশারী, সানারপাড়, টেংরা, কোদালদাহ, তুষার ধারা, বক্সনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাঘমারা, সাদ্দাম মার্কেট, জালকুড়ি, হাজীনগর, মাতুইয়াল, শহীদ নগর, সবুজবাগ, ভূঁইঘর, দেলপাড়া, ডগাইর, মাতুয়াইল, নয়াপাড়া ও ধনকুন্ডাসহ বিভিন্ন এলাকার অনেক বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
শিমরাইল পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিষ্কাশন খালে (পাম্প চালু থাকা অবস্থায়) পানির উচ্চতা ছিল সাড়ে ৯ দশমিক ৬ ফুট। পাম্প বন্ধ থাকলে তা ১১ ফুটে চলে আসবে। যা শুষ্ক মৌসুমে থাকে ৬/৭ ফুটে। পানি নিস্কাশনে ঘণ্টায় ১২৮ কিউসেক পানি নিস্কাশনে সক্ষম ৪টি বড় পাম্প ও ছোট পাম্প চলছে।
পাইনাদী সিআইখোলা এলাকার প্রকৌশলী কাদির জানান, ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় রাস্তাগুলো ডুবে গেছে। অনেক বাড়িঘরেও বৃষ্টির পানি ঢুকেছে।
ডিএনডির ভেতরের তল্লা এলাকার বাসিন্দা আবুল কাশেম ও মিঠু মাহমুদ জানান, এলাকার কিছু পুকুর ও পানি নিষ্কাশনের খালগুলো দখল করে সেখানে মাছ চাষ করায় পানি বের হতে পারছে না। এ কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২৩২৫ ঘ.
bdnews24