২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসির অগ্রীম টিকেট ১৬ অগাস্ট থেকে

ঈদুল ফিতরের আগে-পরে বিআরটিসির চালানো বিশেষ সার্ভিসের অগ্রীম টিকেট রাজধানীতে বিআরটিসির ডিপোতে ১৬ অগাস্ট থেকে পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের আগে-পরে বিআরটিসির চালানো বিশেষ সার্ভিসের অগ্রীম টিকেট রাজধানীতে বিআরটিসির ডিপোতে ১৬ অগাস্ট থেকে পাওয়া যাবে। আগামী ২৮ অগাস্ট থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন 'ঈদ সেবা সার্ভিস' নামে বিশেষ পরিবহন সেবা দেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মিরপুর সেকশন ১২তে বিআরটিসির চারটি ডিপো রয়েছে। বুধবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, যাত্রীদের যাতায়াতের সুবিধায় বিআরটিসির পর্যাপ্ত সংখ্যক বাস ঢাকার বাইরে আন্তঃজেলা রুটে চলাচল করবে। এ ছাড়া সিটি সার্ভিস এবং স্টাফ বাস হিসাবে (নতুন ও পুরাতন) প্রায় তিনশ' বাস ঈদ সেবা সার্ভিসে অন্তর্ভুক্ত হবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মিরপুর সেকশন ১২, সিবিএস-২ (ফুলবাড়িয়া), গাবতলীর বিআরটিসি বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এ সব বাস ছেড়ে যাবে। সেবা তদারকে কমিটি বিআরটিসির এই ঈদ সেবা তদারকে একটি বিশেষ কমিটি করা হয়েছে। তথ্য সরবরাহে বিআরটিসির প্রধান কার্যালয়ের অপারেশন বিভাগে চালু থাকবে নিয়ন্ত্রণ কক্ষ (টেলিফোন নম্বর-৯৫৬৪৩৬১)। এ ছাড়া আগামী ২৮ অগাস্ট থেকে মতিঝিল বাস ডিপোতে আরো একটি উপ-নিয়ন্ত্রণ কক্ষ (ফোন নম্বর-৯৩৩৩৮০৩) খোলা হবে বলে তথ্যবিবরণীতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/এএল/২২০৫