২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি নিষ্কাশনে নালা কাটা নিয়ে মাগুরায় সংঘর্ষ

মাগুরার শহরে আটকে থাকা পানি সরাতে ভায়না এলাকায় একটি পুরাতন নালা কাটতে গিয়ে দুপুরে জনতার বাধার মুখোমুখি হয়েছেন মাগুরা পৌরসভার মেয়র মো. আলতাফ হোসেন। এ নিয়ে সংঘর্ষে আহত হয়েছে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

মাগুরা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শহরে আটকে থাকা পানি সরাতে ভায়না এলাকায় একটি পুরাতন নালা কাটতে গিয়ে দুপুরে জনতার বাধার মুখোমুখি হয়েছেন মাগুরা পৌরসভার মেয়র মো. আলতাফ হোসেন। এ নিয়ে সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। পরে মেয়র নালা না কেটেই ফিরে আসতে বাধ্য হন। ছাত্রদলের এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন মেয়র। তবে নাম প্রকাশে ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, পুরাতন ওই নালা কেটে দিলে শহরের জলাবদ্ধতা দূর হতো ঠিকই, কিন্তু এলাকাটি নিচু হওয়ায় সেখানে নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে এলাকার অনেকের ঘর তলিয়ে যেত। আর এ কারণেই মেয়রের কাজে বাধা দেওয়া হয়েছে। বুধবার ১২টার দিকে শহরের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় কাউন্সিলর ও পৌর কর্মচারীদের নিয়ে তিনি ভায়নার মোড়ে ছায়াবানী সিনেমা হল এলাকায় যান। মেয়র আলতাফ দুপুর ২টায় নিজ কার্যালয়ে সাংবাদ সম্মেলনে বলেন, "ওই সময় জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রহিমের নেতৃত্বে এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক উদ্দেশ্যমূলকভাবে এ বাধা দেয় এবং উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে।" খবর পেয়ে নির্বাহী হাকিম শারমিন আক্তার ও আবু জাফর রিপনসহ পুলিশ ঘটনাস্থলে গেলে মেয়র এলাকার নেতৃস্থানীয়দের সঙ্গে কথা বলে নালা কাটার কাজ শুরু করেন। এ সময় ওই যুবকরা ইট-পাটকেল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন মেয়র। মেয়র জানান, হামলায় কাউন্সিলর সাখাওয়াত হোসেন, একাধিক পৌর কর্মচারী ও পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আবু জাফর রিপন ও শারমিন আক্তার জানান, পৌর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য নালা কাটতে গেলে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়। এসময় স্থানীয়দের বুঝিয়ে পরিবেশ শান্ত হলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। সদর থানার ওসি আলমগীর শেখ জানান, হামলাকারীদের ঠেকাতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের দুজন সদস্যও আহত হন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেননি ওসি। হামলায় অভিযুক্ত ছাত্রদল নেতা রহিমের মোবাইল নম্বরে ফোন করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১০০ ঘ.