ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বাসের ধাক্কায় শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শারমিনের স্বামী ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানির কর্মী সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ডাক্তার দেখিয়ে রিকশায় করে মতিঝিলের উদ্দেশে রওনা হন তিনি। বেলা ৩টার দিকে মতিঝিলে নেমে স্ত্রীকে রাস্তার একপাশে রেখে একটি মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারে যাওয়ার জন্য রাস্তা পার হন। এ সময় পেছন পেছন রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় আহত হন শারমিন।
সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে চিকিৎসক জানান, শারমিন মারা গেছেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. কাছেদ মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ বাসটি আটক করেছে। চালক পলাতক।"
সামসুল আলম জানান, তাদের বাসা যাত্রাবাড়ীতে। তাদের একটি মেয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২০৩৬ ঘ.
bdnews24