২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি চলতে পারে আরো দু'একদিন

মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বুধবারও জলাবদ্ধতা ও যানজটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, এ অবস্থা চলতে পারে আরো দু'একদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বুধবারও জলাবদ্ধতা ও যানজটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, এ অবস্থা চলতে পারে আরো দু'একদিন। বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০৪ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সব স্থানেই বৃষ্টি হচ্ছে। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়ায় ২১০ মিলিমিটার, চাঁদপুরে ১৯২ মিলিমিটার, টেকনাফে ১৮৭ মিলিমিটার, কক্সবাজারের ১৬১ মিলিমিটার, ময়মনসিংহে ১৫৭ মিলিমিটার, ভৈরবে ১৪৮ মিলিমিটার, গাইবান্ধায় ১৪০ মিলিমিটার, দুর্গাপুরে ১০৩ দশমিক ৫ মিলিমিটার, লামায় ১০৩ মিলিমিটার, দেওয়ানগঞ্জে ১৩১ মিলিমিটার, সিরাজগঞ্জে ১২৪ মিলিমিটার, রাজশাহীতে ১১০ মিলিমিটার এবঙ লোরেরঘাট পয়েন্টে ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। তিন দিনের টানা বৃষ্টিতে বুধবার ঢাকা মহানগরীর শেওড়াপাড়া, কাজীপাড়া, শান্তিনগর, মগবাজার, যাত্রাবাড়ী, ডেমরা ও শ্যামপুর থানার অধিকাংশ এলাকায় এবং পুরান ঢাকার নাজিরাবাজার, বংশাল, নাজিম উদ্দিন রোড, চকবাজার, কাজী আলাউদ্দিন রোড, হোসেনী দালান এলাকার বিভিন্ন রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টানা বৃষ্টি হওয়ায় অনেক জায়গায় পানি জমে গেছে। তবে নিষ্কাশন পাম্প চালিয়ে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি জানান, নগরীর পানি নিষ্কাশনে ঢাকা ওয়াসার ২৯০ কিলোমিটার ড্রেনেজ লাইন, ১০ কিলোমিটার বক্স কালভার্ট ও ৬৫ কিলোমিটার উম্মুক্ত খাল রয়েছে। এছাড়া কল্যাণপুর, ধোলাইখাল, কমলাপুর ও রামপুরায় রয়েছে চারটি পাম্প স্টেশন। বুধবার সকাল থেকেই টেকনিকেল, মিরপুর-১০ নম্বর গোলচক্কর, পল্টন মোড়, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী যাত্রীদের। মিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্যদিন মিরপুর-১ থেকে গুলিস্তান যেতে এক ঘণ্টার মতো লাগে। আজ আড়াই ঘণ্টা লেগেছে।" সেগুনবাগিচার বাসিন্দা ফেরদৌস আলম বলেন, "যানজটে আটক থাকায় বুধবার সকাল থেকে সিএনজি অটোরিক্সা বা ট্যাক্সিক্যাবও পাওয়া যায়নি।" বৃষ্টি আর জলাবদ্ধতার সুযোগ নিয়ে ট্যাক্সিক্যাব চলকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ করেন তিনি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, দেশের নদ-নদী অববাহিকার ৭৩টি পর্যবেক্ষণ পয়েন্টের ৫৮টিতে পানি প্রবাহ বেড়েছে। ১৪টিতে পানি কমলেও ১০টিতে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/এআরআর/জেকে/২০১৪ ঘ.