চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বুধবার বিকালে আমাজন অ্যাপারেলস নামের ওই কারাখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কারখানা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা শিল্প এলাকার মূল সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানাটির প্রায় পাঁচ শতাধিক শ্রমিকের জুলাই মাসের পুরো বেতন এবং মে ও জুন মাসের আংশিক বেতন বকেয়া রয়েছে।
১ অগাস্ট শ্রমিকরা ওই বেতনের দাবিতে বিক্ষোভ করে। তখন মালিকপক্ষ বুধবার বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু বুধবারও বেতন পরিশোধ করা না হলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
কারখানার মালিক মো. মিজানকে দ্রুত বেতন পরিশোধে তাগাদা দেওয়া হয়েছে বলে জানান মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/২০১০ ঘ.
bdnews24