চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁটা তারের বেড়া কেটে অবৈধ পণ্য বংলাদেশে পাচার করার সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিংনগর সীমান্ত এলাকা থেকে পাঁচ ভারতীয় নাগরিকসহ ছয় জনকে আটক করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর আবু বুধবার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১৭০ হতে ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে শিবগঞ্জের নামোপাড়া মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ভারতীয়রা হলেন-মালদহ জেলার বৈষনব নগর থানার খাসপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেহের উদ্দীন শেখ (২৫), সাজ্জাদ আলীর ছেলে সুলতান (১৭), বাবু পাড়া গ্রামের মাইনুল হকের ছেলে বারিক শেখ (১৮), আতাউর রহমানের ছেলে ওলিউল হক (১৫) ও চৌধুরী পাড়া গ্রামের আইনুল হকের ছেলে আবুল কাশেম (২০)।
অন্যজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পন্ডিত পাড়া গ্রামের মোর্তুজা আলীর ছেলে আনোয়ার হোসেন বাবু (২৭)।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা মালদহ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে কাঁটা তারের বেড়া কেটে বাংলাদেশে প্রবেশ করে। প্রায়ই কাঁটা তারের বেড়া কেটে তারা মাদকদ্রব্যসহ চোরাচালান সামগ্রী বাংলাদেশে পাচার করত।
আটককৃতদের বুধবার দুপুরে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বকর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭৩২ ঘ.
bdnews24